ইডি ইস্যুতে ইঙ্গিতপূর্ণ পোস্ট নুসরাতের
ছবি: সংগৃহীত
১১:৩৬ এএম | ২৫ এপ্রিল, ২০২৬
বিতর্ক যেন পিছু ছাড়ছে না নুসরাত জাহান-এর। ফ্ল্যাট দুর্নীতি মামলায় ইডির তলব, দীর্ঘ জেরা- সব মিলিয়ে আবারও শিরোনামে উঠে এসেছেন এই অভিনেত্রী। আর সেই ঘটনার কয়েক দিনের মধ্যেই সামাজিক মাধ্যমে এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করে নতুন করে জল্পনা বাড়ালেন তিনি।
গত সোমবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তলব পেয়ে বুধবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন নুসরাত। প্রায় সাড়ে আট ঘণ্টা ধরে চলে জেরা। তদন্ত সূত্রে জানা যাচ্ছে, রাজারহাট এলাকায় ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণার অভিযোগ ঘিরেই এই তলব। সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে তাঁর নাম জড়ানো থাকায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। ইডি দপ্তর থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়লেও খুব বেশি কিছু বলতে চাননি অভিনেত্রী, বরং সংক্ষিপ্ত জবাবেই এড়িয়ে যান।

এই ঘটনার পর থেকেই নেটমাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা। পুরনো বিতর্ক থেকে শুরু করে নতুন অভিযোগ- সবকিছু টেনে এনে কটাক্ষ করতে থাকেন নিন্দুকরা। তবে বরাবরের মতোই সেই সব আক্রমণকে বিশেষ গুরুত্ব দেননি নুসরাত।
সম্প্রতি নিজের সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করেন তিনি। গ্ল্যামারাস উপস্থিতির পাশাপাশি নজর কাড়ে তাঁর লেখা ক্যাপশন। সেখানে তিনি লিখেছেন, অভিযোগ আর অপবাদের মাঝামাঝি কোথাও তিনি শান্তি খুঁজছে- যতক্ষণ না সত্য সামনে আসে। এই কথাতেই অনেকেই ইডি তলবের প্রসঙ্গের ইঙ্গিত খুঁজে পাচ্ছেন।
শুধু তাই নয়, সমালোচকদের উদ্দেশেও স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। সরাসরি আহ্বান জানিয়ে লিখেছেন, নিন্দুকরা যেন যা বলার বলে নেয়। এই মন্তব্যেই যেন তাঁর আত্মবিশ্বাসী মনোভাব আবারও সামনে এসেছে।
বিতর্কের কেন্দ্রে থেকেও নিজের মতো করে চলার অভ্যাস নতুন নয় নুসরাতের ক্ষেত্রে। ব্যক্তিগত জীবন হোক বা রাজনৈতিক পরিচয়- প্রতিটি ক্ষেত্রেই তিনি নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন বারবার। এবারও তার ব্যতিক্রম হলো না।
সব মিলিয়ে, ইডি জেরা থেকে শুরু করে সামাজিক মাধ্যমের এই পোস্ট- দুটো মিলিয়েই আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন নুসরাত জাহান।
এসএ/টিএ