© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

শেয়ার করুন:
খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০১ পিএম | ২৫ এপ্রিল, ২০২৬
খুলনায় পূর্বশত্রুতার জেরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের নাম নুর আলম (৫৬)। তিনি তেরখাদা উপজেলার বাসিন্দা ইকরাম শেখের ছেলে। এ ঘটনায় আরো অন্তত ৪-৫ জন আহত হয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) সকালে তেরখাদা উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
 
ধান কাটাকে কেন্দ্র করে বিএনপির শহিদুল গ্রুপ ও সাইফুল গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, প্রথমে কথা-কাটাকাটির পর বিষয়টি সংঘর্ষে রূপ নেয়। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের মধ্যে ব্যাপক মারামারি হয়। সংঘর্ষে সাইফুল গ্রুপের নুর আলম (৫৬) নিহত হন।

এ ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন মো. হিজমুল্লাহ, সোহেল রানা (৪০), নূরের শেখ (৫৫), মুসা শেখ, মফিজুর রহমান (৪৫) ও আলী হুসাইন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, বিএনপির শহিদুল ও সাইফুল গ্রুপের মধ্যে সংঘর্ষে সাইফুল গ্রুপের একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এসএস/টিকে

মন্তব্য করুন