‘সংবিধানের কোথায় লেখা আছে জয় বাংলা বলা যাবে না’
ছবি: সংগৃহীত
০৯:২৩ পিএম | ২৫ এপ্রিল, ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) ও ‘স্লোগান ৭১’–এর সাবেক সাধারণ সম্পাদক শেখ তাসনিম আফরোজ ইমির মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ‘নিপীড়নবিরোধী নাগরিক সমাজ’-এর ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জুুলাই গণ-অভ্যুত্থানের আলোচিত মুখ ও ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের শিক্ষার্থী নাহিদুল ইসলাম বলেন, ‘সংবিধানের কোথায়, কত ধারায়, কত অনুচ্ছেদে লেখা আছে জয় বাংলা বলা যাবে না, ৭ মার্চের ভাষণ চালানো যাবে না। যদি কোথাও আইনে নিষিদ্ধ থাকে, তাহলে আমি এই আমার বক্তব্য প্রত্যাহার করে নেব।
আর যদি কোনো আইনে নিষিদ্ধ না থাকে, তাহলে আমি আজকের এই মঞ্চ থেকে প্রতিবাদের স্বরে বলছি, আগামীকালই ইমি আপাকে মুক্তি দিতে হবে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে আমরা সবাই ইমিকে গ্রহণ করে নতুন করে বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখেছি, সেই অগ্রযাত্রা এগিয়ে নিয়ে যাব।’
প্রসঙ্গত, গত ৮ মার্চ রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় শেখ তাসনিম আফরোজ ইমিসহ তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এসএস/টিকে