১৭ বছর কৃষকদের ভাগ্য উন্নয়নে কোনো কাজ হয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
১০:৩৯ পিএম | ২৫ এপ্রিল, ২০২৬
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ‘১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে কৃষকদের ভাগ্য উন্নয়নে কোনো কাজ হয়নি। খাল ও নদী-নালা খননের মতো কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি। যে কারণে আমাদের দেশের নদী-নালা ও খালগুলো শুকিয়ে গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা করেছেন।
এটা কৃষকদের ভাগ্য উন্নয়নে একটা যুগান্তকারী পদক্ষেপ।’
শনিবার (২৫ এপ্রিল) নিজ নির্বাচনি এলাকা ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সেনহাটি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘খাল খনন কর্মসূচি অত্র অঞ্চলের উন্নয়নের সূতিকাগার হয়ে থাকবে। শুধু খাল খনন নয়, পর্যায়ক্রমে রাস্তা-ঘাট, কালভার্ট, ব্রিজ যা যা প্রয়োজন অবকাঠামো সব ধরনের উন্নয়ন বিএনপি সরকারের হাত ধরেই হবে। শামা ওবায়েদ বলেন, ‘বিএনপি দেশের জনগণের সেবায় নিয়োজিত একটি সরকার। আমাদের কে ভোট দিছে আর কে দেয় নাই, সেই হিসাব আমরা করি না। কে কোন দল করে তাও আমরা দেখব না। বিএনপি সরকার ১৭ কোটি মানুষের। দল-মত- নির্বিশেষে আমরা সবার জন্য কাজ করতে চাই।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘নির্বাচনের পর থেকে থানায় যে মামলা গুলো হচ্ছে, সেগুলো নিজেদের মধ্যে মারামারির মামলা। এখন আর কোনো রাজনৈতিক মামলা হচ্ছে না। সবারই নিজ নিজ দল করার অধিকার রয়েছে। প্রতিহিংসাবশত কারো বিরুদ্ধে রাজনৈতিক মামলা এ মাটিতে হবে না।
তিনি বলেন, ‘যারা সহিংসতায় জড়াচ্ছেন তারা বিএনপির হোক বা আমার কাছের লোক হোক, সেটা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর দেখার বিষয় না। কেউ সহিংসতায় জড়ালে তাকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে। সে যে দলের হোক। সমাজে অশান্তি সৃষ্টিকারী কাউকে ছাড় দেওয়া হবে না।’
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ, এনায়েত হোসেন, হাসান আশরাফ, মাহফুজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউটি/টিএ