© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গার্মেন্টস খাতে দীর্ঘ মেয়াদে টিকে থাকা কঠিন : গোলাম মাওলা রনি

শেয়ার করুন:
গার্মেন্টস খাতে দীর্ঘ মেয়াদে টিকে থাকা কঠিন : গোলাম মাওলা রনি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৩ পিএম | ২৬ এপ্রিল, ২০২৬
সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, ‘বাংলাদেশের তৈরি পোশাক খাত অত্যন্ত অনিশ্চিত এবং দীর্ঘ মেয়াদে টিকে থাকা কঠিন।’ সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করা এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।

তিনি দাবি করেন, গার্মেন্টস খাতে রপ্তানি থেকে প্রত্যাশিত লাভ পাওয়া যায় না। একজন উদ্যোক্তা সাধারণত ১০ থেকে ১৫ শতাংশের বেশি নেট মুনাফা করতে পারেন না।

উৎপাদন খরচ, কর, বিদ্যুৎ-গ্যাস বিল, শ্রমিকদের বেতন এবং ব্যাংকঋণের চাপ মেটানোর পর প্রকৃত আয় আরো কমে যায়।

রনি বলেন, ‘অতীতে অনেক বড় গার্মেন্টস প্রতিষ্ঠান দেউলিয়া হয়েছে এবং দীর্ঘ সময় ধরে টিকে থাকা খুবই বিরল। তার মতে, এই খাতে বিপুল কর্মসংস্থান সৃষ্টি হলেও দিনশেষে মালিক ও শ্রমিক উভয়ের আর্থিক নিরাপত্তা সীমিত থাকে।’

তিনি আরো উল্লেখ করেন, শ্রমিকরা দীর্ঘ সময় কাজ করেও তুলনামূলক কম আয় করেন, যা জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

অন্যদিকে উদ্যোক্তারা বড় অঙ্কের বিনিয়োগ ও ঋণের ঝুঁকি নিয়ে ব্যবসা পরিচালনা করেন।

আন্তর্জাতিক ক্রেতাদের ওপর নির্ভরশীলতার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘অনেক সময় অর্ডার বাতিল বা মূল্য কমানোর কারণে ব্যবসায়ীরা বড় ক্ষতির মুখে পড়েন। ফলে একটি বড় অর্ডার বাতিল হলেও একটি প্রতিষ্ঠান দেউলিয়া হওয়ার ঝুঁকিতে পড়ে।’

তিনি অভিযোগ করেন, রপ্তানি আয়ের বিপরীতে বিদেশি বাজারে শুল্ক ও অন্যান্য খরচ থাকায় প্রকৃত অর্থনৈতিক সুবিধা কমে যায়।

একই সঙ্গে সরকারের ভর্তুকির বিষয়টিও উল্লেখ করে তিনি বলেন, এতে জাতীয় অর্থনীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়।

এ ছাড়া তিনি রপ্তানি আয়ের বিপরীতে শুল্ক, কর ও ভর্তুকির বিষয়টি তুলে ধরে বলেন, এতে দেশের প্রকৃত অর্থনৈতিক লাভ সীমিত হয়ে যাচ্ছে। তিনি বিকল্প বাণিজ্য কৌশল হিসেবে দেশীয় বাজারকে শক্তিশালী করা এবং বিদেশি ক্রেতাদের সরাসরি বাংলাদেশ থেকে পণ্য ক্রয়ের সুযোগ তৈরির পরামর্শ দেন।

ভিডিওতে গোলাম মাওলা রনি আরো বলেন, ‘ড. ইউনূসের সময় একটা গোপন চুক্তি হয়েছিল, সেটি প্রকাশ্যে চলে এসেছে। ওই চুক্তির যে ধারা-উপধারা এবং যেটাকে ট্রেড অ্যাগ্রিমেন্ট বা বাণিজ্যচুক্তি বলা হচ্ছে।

এই বাণিজ্যচুক্তিতে যেসব শর্ত দেওয়া হয়েছে সেসব শর্ত মানতে বাধ্য হওয়ার কারণে আমাদের যে জাতিগত সত্তা, আমাদের সার্বভৌমত্ব—এটা নিঃসন্দেহে ক্ষুণ্ন হবে।’

এ সময় তিনি যুক্তরাষ্ট্র থেকে বিমান কেনার সম্ভাব্য উদ্যোগ নিয়েও প্রশ্ন তোলেন। তার মতে, বিদ্যমান অর্থনৈতিক চাপে এ ধরনের বড় ব্যয় দেশের জন্য বাড়তি চাপ সৃষ্টি করতে পারে।

এসএন 

মন্তব্য করুন