নৈশভোজে গুলির ঘটনায় ট্রাম্পের আগে ভাইস প্রেসিডেন্টকে উদ্ধার নিয়ে প্রশ্ন
ছবি: সংগৃহীত
০৩:১১ এএম | ২৭ এপ্রিল, ২০২৬
ওয়াশিংটনে হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে গুলির ঘটনায় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে উদ্ধার করা হয়। বিষয়টা নতুন বিতর্ক উসকে দিয়েছে। কেউ কেউ প্রশ্ন তুলছেন যে, প্রেসিডেন্টের আগে কেন ভাইস প্রেসিডেন্টকে উদ্ধার করা হলো।
গত শনিবার (২৫ এপ্রিল) রাতে রাজধানী ওয়াশিংটনের হিলটন হোটেলে হোয়াইট হাউস করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজ অনুষ্ঠানে হঠাৎ গুলির ঘটনা ঘটে। এতে সেখানে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়।
খ্যাতনামা নারী উদ্যোক্তা, বক্তা ও লেখক নিকোল ওয়াল্টার্স এক ইনস্টাগ্রাম পোস্টে বলেছেন, ‘কখন থেকে এমন নিয়ম হলো যে প্রেসিডেন্টের আগে ভাইস প্রেসিডেন্টকে সরিয়ে নেয়া হয়? পুরো ব্যাপারটাই এলোমেলো।’
এর মধ্যে শীর্ষ নেতাদের নিরাপত্তায় দ্রুত ব্যবস্থা নেয় সিক্রেট সার্ভিস সদস্যরা। তবে তারা প্রথমে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং এরপর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পকে সরিয়ে নেয়।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা থেকে জানা যায়, হঠাৎ করেই হোটেল লবিতে বিশৃঙ্খলা শুরু হয়। এর মধ্যে নিরাপত্তাকর্মীরা দ্রুত শীর্ষ নেতাদের টেবিলের দিকে ছুটে যান। ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সকে সবার আগে সরিয়ে নেয়া হয়, এমনকি তাকে আসন থেকে তুলে নিয়ে যাওয়া হয়।
নৈশভোজ অনুষ্ঠানের ভেতরের ফুটেজে দেখা যায়, গুলির শব্দ শোনার পর ভাইস প্রেসিডেন্টকে দ্রুত নিরাপদে সরিয়ে নিচ্ছেন সিক্রেট সার্ভিসের সদস্যরা। উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে বসা ডাইনিং টেবিল থেকে সরিয়ে নেয়ার সময় ভ্যান্সকে বিস্মিত ও হতভম্ব দেখাচ্ছিল। ওই টেবিলেই প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প উপস্থিত ছিলেন।
এদিকে উপস্থিত অন্যান্য অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক অতিথি মেঝেতে শুয়ে পড়েন, চারদিকে থালা-বাসন পড়ে যাওয়ার শব্দ শোনা যায়।
এর কিছুক্ষণ পর মূল ডাইনিং এরিয়ার বাইরে গুলির খবর ছড়িয়ে পড়লে নিরাপত্তা আরও জোরদার করা হয়। সশস্ত্র পুলিশ ভেতরে ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অন্যান্য অতিথিদের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পকেও কড়া নিরাপত্তায় সরিয়ে নেয়া হয়। এ সময় ট্রাম্প হোঁচট খেয়ে পড়ে যান এবং মেলানিয়াকে উদ্বিগ্ন দেখা যায়।
এরপর পুরো অনুষ্ঠানটি তখনই লকডাউন করা হয়। পরে কর্তৃপক্ষ জানায়, একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে একাধিক অস্ত্র ও হামলার অভিযোগ আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি একাই এই ঘটনা ঘটিয়েছেন এবং তার কাছে আগ্নেয়াস্ত্র ও ছুরি ছিল।
ভিডিও ফুটেজে দেখা যায়, সন্দেহভাজন ব্যক্তি মেটাল ডিটেক্টর পেরিয়ে দৌড়ে যাচ্ছেন, পরে পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এই ঘটনায় একজন কর্মকর্তা গুলিবিদ্ধ হন, তবে বুলেটপ্রুফ জ্যাকেট তার জীবন বাঁচিয়েছে।
ট্রাম্প দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসাও করেন। তিনি আরও বলেন, ‘এটা ছিল মত প্রকাশের স্বাধীনতাকে কেন্দ্র করে একটি অনুষ্ঠান, যেখানে রাজনীতিবিদ ও সংবাদমাধ্যমের মানুষ একত্রিত হয়েছিলেন। এক দিক থেকে দেখলে, এই ঘটনাই সবাইকে এক করেছে।’
এই ঘটনার পর অনলাইনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। কিছু ট্রাম্প সমর্থক সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাক্রমের বিশেষ করে প্রেসিডেন্টের আগে ভাইস প্রেসিডেন্টকে রক্ষার বিষয়টি সমালোচনা করেছেন।
আবার অন্যরা কোনো রাজনৈতিক নেতা আহত না হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন। তবে মেইক আমেরিকা গ্রেট এগেইন তথা মাগা সমর্থকরা মনে করছেন, ভ্যান্সের পরে প্রেসিডেন্ট ট্রাম্পকে সুরক্ষা দেয়া হয়েছে যাতে তিনি ফার্স্টলেডি মেলানিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে পারেন।
এসকে/টিএ