গুলির শব্দে ট্রাম্পসহ সবাই সরে গেলেও থামেনি ‘সুপার এজেন্টের’ ডিনার
ছবি: সংগৃহীত
০৫:৫৩ এএম | ২৭ এপ্রিল, ২০২৬
ওয়াশিংটন হিলটন-এর বলরুমে শনিবার (২৫ এপ্রিল) রাতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস’ ডিনার চলাকালে গুলির ঘটনা ঘটলে মুহূর্তেই বিশৃঙ্খলার সৃষ্টি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। গুলির শব্দ শোনা মাত্রই নিরাপত্তাকর্মীরা দ্রুত প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। এ সময় আতঙ্কিত অতিথিরা দ্রুত হলরুম ছেড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন।
তবে এই বিশৃঙ্খলার মধ্যেও এক ব্যতিক্রমী দৃশ্য নজর কেড়েছে। ক্রিয়েটিভ আর্টিস্টস এজেন্সির (সিএএ) প্রভাবশালী এজেন্ট মাইকেল গ্লান্টজ পুরো ঘটনায় নির্লিপ্ত থেকে শান্তভাবে নিজের খাবার খেতে থাকেন। সিএনএনের সরাসরি সম্প্রচারে তার এই আচরণ ধরা পড়লে ভিডিওটি সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়।
গ্লান্টজকে টিভি জগতের শীর্ষ ব্যক্তিত্বদের প্রতিনিধি হিসেবে ‘সুপার এজেন্ট’ বলা হয়। তার ক্লায়েন্টদের মধ্যে সিএনএনের উপস্থাপক ওলফ ব্লিটজারও রয়েছেন, যিনি ওই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং নিরাপত্তার কারণে তাকে মাটিতে শুয়ে পড়তে বলা হয়েছিল।
একই সময় সাবেক গোল্ডম্যান স্যাকস প্রধান নির্বাহী লয়েড ব্লাঙ্কফেইনকেও শান্ত থাকতে দেখা যায়। প্রতিবেদনে বলা হয়, বিশৃঙ্খলার মধ্যেই তিনি পাশের ব্যক্তিকে জিজ্ঞেস করেন, ‘আপনি কি আপনার সালাদ শেষ করবেন?’
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সশস্ত্র এক ব্যক্তি লবি দিয়ে ঢুকে গুলি চালালে এ ঘটনা ঘটে। সন্দেহভাজন হামলাকারী হিসেবে ৩১ বছর বয়সী টমাস অ্যালেনকে আটক করা হয়েছে। ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্প অক্ষত রয়েছেন। হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।
আরআই/টিএ