যুক্তরাষ্ট্রে রাজা চার্লসের ৪ দিনের রাষ্ট্রীয় সফর শুরু
ছবি: সংগৃহীত
১১:৫৪ এএম | ২৭ এপ্রিল, ২০২৬
নানা রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা উদ্বেগের মধ্যেই চার দিনের রাষ্ট্রীয় সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
সোমবার (২৭ এপ্রিল) থেকে শুরু হওয়া এই সফরের মূল লক্ষ্য হলো দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বকে নতুন করে তৈরি করা। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত স্যার ক্রিশ্চিয়ান টার্নার এই সফরকে একটি অনন্য বন্ধুত্বকে পুনরুজ্জীবিত করার সুযোগ হিসেবে বর্ণনা করেছেন।
সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি অনুষ্ঠানে গুলির ঘটনার পর এই সফর নিয়ে কিছুটা সংশয় তৈরি হয়েছিল।
তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে আলোচনার পর নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করে সফরটি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। রাজা চার্লস ও রানি ক্যামিলা ব্যক্তিগতভাবে ট্রাম্প পরিবারের খোঁজ নিয়েছেন এবং সমবেদনা জানিয়েছেন। সফরটি মূলত ওয়াশিংটন ডিসি থেকে শুরু হচ্ছে, যেখানে হোয়াইট হাউসে ট্রাম্প দম্পতি তাদের স্বাগত জানাবেন। কূটনৈতিকভাবে এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষ করে ইরান ইস্যুসহ নানা বিষয়ে যখন দুই দেশের সরকারের মধ্যে মতবিরোধ চলছে, তখন রাজপরিবারের এই উপস্থিতি সম্পর্ক মেরামতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পও বিবিসিকে জানিয়েছেন যে, এই সফর দুই দেশের সম্পর্ক উন্নয়নে বড় ভূমিকা রাখবে।
সফরের অংশ হিসেবে রাজা চার্লস মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন এবং নিউইয়র্কের ৯/১১ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন।
ব্রিটিশ রাষ্ট্রদূতের মতে, এই সফরের মাধ্যমে কেবল রাজনীতি নয়, বরং বিনিয়োগ, সামরিক সহযোগিতা এবং শিক্ষা ও পর্যটন খাতে দুই দেশের অংশীদারি আরো শক্তিশালী করার চেষ্টা করা হবে।
হোয়াইট হাউসের চা চক্র ও গার্ডেন পার্টির মাধ্যমে দুই দেশের সামাজিক ও সাংস্কৃতিক মেলবন্ধন তুলে ধরা হবে।
সূত্র : বিবিসি
এমআর/টিকে