পুতিনের কাছে খামেনির বিশেষ বার্তা পৌঁছে দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত
১২:৩০ এএম | ২৮ এপ্রিল, ২০২৬
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বিশেষ বার্তা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পৌঁছে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
সোমবার (২৭ এপ্রিল) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ এবং তা শেষ করার আলোচনা স্থবির হয়ে পড়ার প্রেক্ষাপটে এই বৈঠক অনুষ্ঠিত হলো।
বৈঠকের শুরুতে দেওয়া বক্তব্যে পুতিন জানান, তিনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির কাছ থেকে একটি বার্তা পেয়েছেন। তিনি বলেন, ‘রাশিয়া দেখছে ইরানের জনগণ তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য সাহসিকতা ও বীরত্বের সঙ্গে লড়াই করছে।’
বৈঠকে পুতিন জানিয়েছেন, ইরানসহ ওই অঞ্চলের অন্যান্য দেশগুলোর স্বার্থে রাশিয়া সম্ভাব্য সবকিছু করবে। পুতিন আরও বলেন, ‘মস্কো আশা করে নতুন নেতার নেতৃত্বে ইরানের জনগণ এই কঠিন সময় অতিক্রম করবে এবং শেষ পর্যন্ত শান্তি প্রতিষ্ঠিত হবে।’
ইরানের প্রতি মস্কোর সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। একইসঙ্গে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের লড়াই অব্যাহত থাকবে।
ক্রেমলিন জানিয়েছে, তারা রাজনৈতিক ও কূটনৈতিকভাবে এই সংঘাত নিরসনে এবং সমাধানের পথ খুঁজতে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।
আরআই/টিকে