© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মার্কিন অবরোধের মাঝেই হরমুজ প্রণালি অতিক্রম করল রুশ ধনকুবের বিলাসবহুল জাহাজ

শেয়ার করুন:
মার্কিন অবরোধের মাঝেই হরমুজ প্রণালি অতিক্রম করল রুশ ধনকুবের বিলাসবহুল জাহাজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৭ এএম | ২৮ এপ্রিল, ২০২৬
মার্কিন-ইরান যুদ্ধের আবহে বর্তমানে অবরুদ্ধ ও বিশ্বের অন্যতম সংবেদনশীল নৌপথ হরমুজ প্রণালি অতিক্রম করেছে রাশিয়ার ধনকুবের আলেক্সি মোর্দাশভের বিলাসবহুল সুপারইয়ট 'নর্ড'। শনিবার জাহাজটি এই সংকটাপন্ন জলসীমা পার হয় বলে শিপিং ডেটা থেকে জানা গেছে।

শিপিং ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিক-এর তথ্য অনুযায়ী, ৪৬৫ ফুট দৈর্ঘ্যের এবং প্রায় ৫০ কোটি ডলার মূল্যের এই প্রমোদতরি গত শুক্রবার গ্রিনিচ মান সময় ১৪:০০ মিনিটে দুবাই মেরিনা ত্যাগ করে। শনিবার সকালে এটি হরমুজ প্রণালি অতিক্রম করে এবং রবিবার ভোরে ওমানের মাস্কাটে পৌঁছায়।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর ইরান এই প্রণালি দিয়ে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। সাধারণত বিশ্বের মোট তেল সরবরাহের এক-পঞ্চমাংশ এই পথেই পরিবাহিত হয়। যুদ্ধের আগে এই পথে দৈনিক ১২৫ থেকে ১৪০টি জাহাজ চলাচল করলেও এখন হাতেগোনা কয়েকটি পণ্যবাহী জাহাজ যাতায়াতের অনুমতি পাচ্ছে। এর বিপরীতে যুক্তরাষ্ট্রও ইরানের বন্দরগুলোতে কঠোর অবরোধ আরোপ করে রেখেছে।

এই যুদ্ধকালীন পরিস্থিতিতে একটি ব্যক্তিগত প্রমোদতরি কীভাবে এই স্পর্শকাতর রুট ব্যবহারের অনুমতি পেল, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। ইস্পাত শিল্পের প্রভাবশালী ব্যবসায়ী মোর্দাশভের প্রতিনিধিরা এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

রাশিয়া ও ইরান দীর্ঘদিনের মিত্র। বিশেষ করে ২০২৫ সালে দুই দেশের মধ্যে গোয়েন্দা ও নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত একটি শক্তিশালী চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর সম্পর্ক আরও গভীর হয়েছে। সোমবারই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মস্কোতে পৌঁছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করেছেন। বিশ্লেষকরা মনে করছেন, এই ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্কের কারণেই হয়তো ইয়টটি নিরাপদে যাতায়াতের সুযোগ পেয়েছে।

আলেক্সি মোর্দাশভ রুশ প্রেসিডেন্ট পুতিনের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ইউক্রেন আক্রমণের পর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। নর্ড ইয়টটির আনুষ্ঠানিক মালিক হিসেবে মোর্দাশভের নাম না থাকলেও, ২০২৫ সালের কর্পোরেট রেকর্ড অনুযায়ী এটি তার স্ত্রীর মালিকানাধীন একটি রুশ সংস্থার নামে নিবন্ধিত। সংস্থাটি রাশিয়ার চেরেপোভেতস শহরে অবস্থিত, যেখানে মোর্দাশভের ইস্পাত কোম্পানি 'সেভারস্টাল'-এর সদর দপ্তর।

বিশ্বের অন্যতম বৃহত্তম এই সুপারইয়টটিতে ২০টি বিলাসবহুল স্টেট-রুম, একটি সুইমিং পুল, একটি হেলিপ্যাড এবং এমনকি নিজস্ব একটি সাবমেরিন বা ডুবোজাহাজও রয়েছে।

সূত্র: রয়টার্স

এসকে/টিএ

মন্তব্য করুন