ইরানের কাছে যুক্তরাষ্ট্র ‘অপমানিত’ হচ্ছে, বললেন জার্মান চ্যান্সেলর
ছবি: সংগৃহীত
০৬:৫১ এএম | ২৮ এপ্রিল, ২০২৬
ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘অপমানিত’ হচ্ছে বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। সতর্ক করে তিনি বলেছেন, তেহরান বর্তমানে এই যুদ্ধে সুবিধাজনক অবস্থানে রয়েছে এবং ওয়াশিংটনের সামনে এই সংঘাত থেকে বেরিয়ে আসার কোনো স্পষ্ট পথ নেই।
গত সোমবার (২৭ এপ্রিল) জার্মানির মার্সবার্গ শহরে শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে ফ্রেডরিক মার্জ এসব কথা বলেন। বর্তমান পরিস্থিতিকে যুক্তরাষ্ট্রের জন্য একটি গভীর কৌশলগত সমস্যা হিসেবে বর্ণনা করে তিনি পূর্বের ইরাক ও আফগানিস্তান যুদ্ধের উদাহরণ টানেন। বলেন, এ ধরনের সংঘাতে জড়িয়ে পড়ার চেয়ে বেরিয়ে আসাটা গুরুত্বপূর্ণ। আমরা আফগানিস্তানে ২০ বছর ধরে অত্যন্ত বেদনাদায়কভাবে তা দেখেছি। ইরাকেও একই অভিজ্ঞতা হয়েছে।
ইরানি কর্মকর্তাদের বিষয়ে জার্মান চ্যান্সেলর বলেন, তারা অত্যন্ত দক্ষতার সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং ধারণার চেয়েও বেশি শক্তিশালী হিসেবে আবির্ভূত হয়েছেন। তার মতে, ইরানি নেতৃত্ব বিশেষ করে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কারণে বর্তমানে একটি পুরো জাতি (যুক্তরাষ্ট্র) অপমানের শিকার হচ্ছে।
চলমান সংঘাতের কারণে জার্মানির অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়ছে উল্লেখ করে তিনি দ্রুত এই যুদ্ধ বন্ধেরও আহ্বান জানান ফ্রেডরিক মার্জ।
সূত্র: আলজাজিরা
আরআই/টিএ