ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত
১১:১৪ এএম | ২৮ এপ্রিল, ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৩২ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ জন এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ৭৪ জন শিশু।
চলতি বছরের ১৭ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৯২৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৮৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সর্বশেষ মৃত্যুবরণ করা তিন শিশুর মধ্যে গৌরীপুর উপজেলার ৭ মাস বয়সী এক ছেলে শিশু গতকাল (২৭ এপ্রিল) বিকেল ৫টা ২০ মিনিটে, জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৪ মাস বয়সী এক মেয়ে শিশু একই দিন সন্ধ্যা ৬টা ৫ মিনিটে এবং নেত্রকোণার দুর্গাপুর উপজেলার ৫ মাস বয়সী এক ছেলে শিশু রাত ১০টা ৩০ মিনিটে মারা যায়।
চিকিৎসকদের মতে, এসব শিশুর মৃত্যুর কারণ হিসেবে হামের উপসর্গের সঙ্গে নিউমোনিয়া ও হার্ট ফেইলিউর এবং ব্রঙ্কোপনিউমোনিয়ার জটিলতা দায়ী।
এর আগে হাসপাতালের হাম মেডিকেল টিমের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা বলেন, হাসপাতালে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে এবং আক্রান্ত শিশুদের অধিকাংশই জটিল অবস্থায় ভর্তি হচ্ছে।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, তিনটি মেডিকেল টিম গঠন করে হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় স্থাপিত হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। চিকিৎসক ও নার্সরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন।
এমআর/টিকে