© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মোজতবা খামেনির বার্তা পেয়েছেন, জানালেন পুতিন

শেয়ার করুন:
মোজতবা খামেনির বার্তা পেয়েছেন, জানালেন পুতিন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০১ পিএম | ২৮ এপ্রিল, ২০২৬
কয়েক দিন আগে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বার্তা পেয়েছেন বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।গতকাল মঙ্গলবার ইরানি পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে এ তথ্য জানিয়েছেন তিনি।

পুতিনের সঙ্গে বৈঠক করতে গতকাল সোমবার রাশিয়ার স্থানীয় সময় ভোরের দিকে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গে পৌঁছান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে স্থানীয় সময় সন্ধ্যার দিকে পুতিনের সঙ্গে বৈঠক হয় তার।

বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে পুতিন বলেন, “আমি কয়েক দিন আগে (ইরানের) সর্বোচ্চ নেতার বার্তা পেয়েছি। অনুগ্রহ করে আমার অভিনন্দন এবং তার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনার কথা তার কাছে পৌঁছে দেবেন।”

মোজতবা খামেনি তাকে কী বার্তা দিয়েছেন, তা অবশ্য পুতিন ভেঙে বলেননি; তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ইরানের লড়াকু অবস্থানের প্রশংসা করেছেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, “আমরা দেখছি যে ইরানের জনগণ তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য কী সাহসিকতা ও বীরত্বের সঙ্গে লড়াই করছে।”

“এই শান্তি যত দ্রুত সম্ভব অর্জিত হয় তা নিশ্চিত করার জন্য রাশিয়া আপনাদের স্বার্থ এবং এই অঞ্চলের সকল মানুষের স্বার্থে সবকিছু করবে।”

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলার প্রথম দিনই নিজের স্ত্রী, পুত্রবধু ও নাতিসহ নিহত হন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং গুরুতর আহত হন তার ছেলে মোজতবা খামেনি। তারপর ৮ মার্চ মোজতবাকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করে দেশটির প্রভাবশালী সংস্থা গার্ডিয়ান কাউন্সিল।

মোজতবার ঘনিষ্ঠ কর্মকর্তাদের বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোমার আঘাতে মোজতবা খামেনির একটি পা উড়ে গেছে, একটি হাত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার মুখ ও ঠোঁট গুরুতরভাবে পুড়ে গেছে বলে জানা গেছে।

বর্তমানে অত্যন্ত গোপন স্থানে রয়েছেন মোজতবা খামেনি। সেখানে চিকিৎসা চলছে তার।

সূত্র : সিএনএন

এমআর/টিকে  

মন্তব্য করুন