© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গোপালগঞ্জে প্রেমিকার বাড়িতে হামলা, প্রেমিকাসহ আহত ৫

শেয়ার করুন:
গোপালগঞ্জে প্রেমিকার বাড়িতে হামলা, প্রেমিকাসহ আহত ৫

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৩ পিএম | ২৮ এপ্রিল, ২০২৬
গোপালগঞ্জে প্রেমঘটিত বিরোধের জেরে প্রেমিকার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রেমিকাসহ পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাশপুর ইউনিয়নের ভেড়ারবাজার গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন নির্জনা (২২), শামীমা জাহান (১৮), রিমা আক্তার (৩৪), রেখা আক্তার (৩৫) ও বেলায়েত শেখ।

গুরুতর আহত চারজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেলায়েত শেখকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভেড়ারবাজার গ্রামের টিটু গাজীর মেয়ে শামীমা জাহানের সঙ্গে পাশের ঘোষেরচর গ্রামের আলমগীর কাজীর ছেলে হায়াত কাজীর দীর্ঘদিনের সম্পর্ক ছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল।

এর জেরে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে প্রেমিক হায়াত কাজীর মামা ও হরিদপুর ইউনিয়ন পরিষদের সদস্য জয় কাজী তার অনুসারীদের নিয়ে প্রেমিকার বাবা টিটু গাজী ও নানা বেলায়েত শেখের বাড়িতে হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এ সময় বাড়ির নারী সদস্যদের মারধর এবং ঘরবাড়ি ভাঙচুর করা হয়।

আহত রিমা আক্তার অভিযোগ করে বলেন, ‘হঠাৎ করেই জয় কাজী তার লোকজন নিয়ে আমাদের ওপর হামলা চালায়। আমরা কিছু বুঝে ওঠার আগেই তারা মারধর শুরু করে, এতে আমরা বেশ আহত হই।

প্রেমিকার মা রেখা আক্তার বলেন, আমার মেয়ের সঙ্গে ঘোষেরচর গ্রামের হায়াত কাজীর বন্ধুত্ব সম্পর্ক। আমাকে না বলে ওরা ঘুরতে বের হয়। এ কারণে ছেলের মামা লোকজন নিয়ে আমাদের বাড়িতে এসে হামলা চালিয়ে মারধর ও ভাঙচুর করে।

আহত প্রেমিকা শামীমা জাহান বলেন, ‘বন্ধুরা মিলে আমরা ঘুরতে যাই। আমি যেতে চাইনি। হায়াত আমার অন্য বন্ধুর মোটরসাইকেল নিয়ে আমাকে জোর করে বাইকে উঠায়। পরে মোটরসাইকেলটি এক্সিডেন্ট হয়। আমি তখন পেছনে ছিলাম। এই ঘটনায় ওর মামাসহ বেশ কয়েকজন এসে আমার চুলের মুঠি ধরে, গায়ের গেঞ্জি ছিড়ে ফেলে।’

তবে অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য জয় কাজী জানান, তিনি কোনো হামলা করেননি। মহিলাদের মধ্যে কথা-কাটাকাটি থামাতে গিয়েছিলেন। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান জানান, এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেএন/এসএন

মন্তব্য করুন