© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাদারীপুরে ২০ মেট্রিক টন চোরাই চাল উদ্ধার

শেয়ার করুন:
মাদারীপুরে ২০ মেট্রিক টন চোরাই চাল উদ্ধার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:১৮ এএম | ২৯ এপ্রিল, ২০২৬
মাদারীপুর ভিজিডি কর্মসূচির আওতায় বরাদ্দকৃত সাড়ে ২০ মেট্রিক টন সরকারি চাল গোপালগঞ্জ পাচারকালে ট্রাকসহ জব্দ করেছে ডাসার উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ভাঙ্গা ব্রিজ এলাকা থেকে এই চাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, মাদারীপুর শহরের ইটেরপুল খাদ্য গুদাম থেকে ট্রাকে করে ভিজিডির ৪১১ বস্তায় সাড়ে ২০ টন চাল চোরাই পথে গোপালগঞ্জের কোটালিপাড়া এলাকায় যাচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে ডাসার উপজেলার ভাঙ্গা ব্রিজ এলাকায় ট্রাকটির গতিরোধ করে ডাসার উপজেলা প্রশাসন ও পুলিশকে অবগত করেন স্থানীয়রা।

খবর পেয়ে তাৎক্ষণিক উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা ঘটনাস্থলে এসে চালককে জিজ্ঞাসাবাদ শেষে অনিয়মের সত্যতা পান। পরে চালভর্তি ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

খোঁজ নিয়ে জানা যায়, শহরের ইটেরপুল খাদ্য গুদাম থেকে রাজৈর উপজেলার মুন্সি রাইস এন্ড বয়লার মিলের জন্য এই সাড়ে ২০ মেট্রিক টন চাল ডিও বা বরাদ্দের মাধ্যমে বিলি আদেশ হয়। নিয়ম অনুযায়ী এই চাল সংশ্লিষ্ট রাইস মিলে ট্রাকে করে নিয়ে যাওয়ার কথা। পরে তা পরিশোধন করে হতদরিদ্রদের মাঝে নায্যমূল্যে ডিলারদের মাধ্যমে বিক্রির নিয়ম রয়েছে। কিন্তু মিল মালিক আহাদ মুন্সি সরকারি চাল কালোবাজারি করে তা গোপালগঞ্জে পাঠানোর চেষ্টা করেন। বিয়ষটি গুরুতর অপরাধ হিসেবে দেখছে প্রশাসন।

ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা জানান, এক জেলার সরকারি চাল অন্য জেলায় নেওয়ার কোনো সুযোগ নেই। ট্রাকসহ সাড়ে ২০ মেট্রিক টন চাল জব্দের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন দুদক এ ব্যাপারে মামলা করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করবে। জব্দকৃত চাল ও ট্রাক ডাসার থানা পুলিশের হেফাজতে আছে।   

এমআই/টিএ

মন্তব্য করুন