© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ঢুকে পড়ল মাদকবাহী প্রাইভেটকার

শেয়ার করুন:
মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ঢুকে পড়ল মাদকবাহী প্রাইভেটকার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৩ এএম | ২৯ এপ্রিল, ২০২৬
মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী তেরঘরিয়া গ্রামে এক চাঞ্চল্যকর দুর্ঘটনা ঘটেছে। আজ (২৯ এপ্রিল) বুধবার ভোর পাঁচটার দিকে দ্রুতগতির একটি মাদকবাহী প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বসতবাড়িতে ঢুকে পড়ে।

এই ঘটনায় ঘরের দেয়াল চাপা পড়ে আরশাদ আলী নামের এক ব্যক্তি আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দেড় কেজি গাঁজাসহ অনিক হোসেন বিপ্লব নামের এক মাদক পাচারকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

স্থানীয় সূত্রে জানা গেছে, তেরঘরিয়া গ্রামের বাসিন্দা আরশাদ আলী ও তার পরিবার ভোরে ঘুমিয়ে ছিলেন। এসময় হঠাৎ একটি দ্রুতগামী প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি তাদের ঘরের ইটের দেয়ালে সজোরে ধাক্কা দেয়। এতে দেয়াল ধসে পড়ে গৃহকর্তা আরশাদ আলী আহত হন এবং গাড়িটি উল্টে রাস্তার ওপর পড়ে থাকে।

বিকট শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে এসে গাড়ির ভেতর গাঁজা দেখতে পান। তারা চালক অনিক হোসেন বিপ্লবকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে মেহেরপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার এবং মাদকসহ গাড়িটি জব্দ করে।

মেহেরপুর সদর থানার রামদাসপুর পুলিশ ক্যাম্পের এসআই অনুপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক কারবারিরা সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দ্রুতগতিতে গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছিল।পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি বাড়িতে ঢুকে পড়ে।

গ্রেফতারকৃত বিপ্লবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই চক্রের সাথে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। আহত আরশাদ আলীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এসএস/এসএন

মন্তব্য করুন