এবার মার্কিন পাসপোর্টে দেখা মিলবে ট্রাম্পের
ছবি: সংগৃহীত
১১:১৭ এএম | ২৯ এপ্রিল, ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের ছবি সম্বলিত সীমিত সংখ্যক স্মারক পাসপোর্ট তৈরি করা হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর মঙ্গলবার এই খবর জানিয়েছে। মার্কিন নাগরিকরা এই স্মারক পাসপোর্ট নেওয়ার সুযোগ পাবেন কি না, তা স্পষ্ট নয়। তবে পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা বলেছেন, এই সীমিত সংখ্যক স্মারক পাসপোর্টের একটি পেতে কোনো অতিরিক্ত ফি নেওয়া হবে না।
পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে বলেছেন, জুলাই মাসে মার্কিন স্বাধীনতা ঘোষণার ২৫০তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এই পাসপোর্টগুলো বের করা হবে। তবে বিবৃতিতে পাসপোর্টগুলোতে ট্রাম্পের ছবি থাকবে, সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।
পররাষ্ট্র দপ্তরের দেওয়া নকশায় দেখা গেছে, পাসপোর্টের ভেতরের একটি পৃষ্ঠায় ১৭৭৬ সালে স্বাধীনতা ঘোষণাপত্রে স্বাক্ষরের ছবির বিপরীতে ট্রাম্পের প্রতিকৃতি রয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ট্রাম্পের ছবি সম্বলিত একটি স্মারক স্বর্ণমুদ্রা চালুর পরিকল্পনাও ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
দেশটির অর্থ দপ্তর জানিয়েছে, কাগজের মুদ্রায় ট্রাম্পের স্বাক্ষর থাকবে। এটি কোনো ক্ষমতাসীন রাষ্ট্রপতির মার্কিন মুদ্রায় স্বাক্ষরের প্রথম ঘটনা।
গত বছরের শুরুতে পুনরায় ক্ষমতায় ফেরার পর থেকে ট্রাম্পের প্রশাসন ওয়াশিংটনের বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবন, নৌবাহিনীর জন্য পরিকল্পিত এক শ্রেণির যুদ্ধজাহাজ, ধনী বিদেশিদের জন্য একটি ভিসা কর্মসূচি, সরকার-পরিচালিত একটি প্রেসক্রিপশন ওষুধের ওয়েবসাইট এবং শিশুদের জন্য ফেডারেল সঞ্চয়ী হিসাবের সঙ্গেও তার নাম যুক্ত করেছে।
এসকে/এসএন