© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

'আর ভদ্র লোক নয়' বলে অস্ত্র হাতে নিজের এআই ছবি পোস্ট করলেন ট্রাম্প

শেয়ার করুন:
'আর ভদ্র লোক নয়' বলে অস্ত্র হাতে নিজের এআই ছবি পোস্ট করলেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩২ পিএম | ২৯ এপ্রিল, ২০২৬
ইরানের সঙ্গে স্থগিত হয়ে থাকা পারমাণবিক আলোচনার প্রেক্ষাপটে তেহরানকে দ্রুত স্মার্ট হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৯ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘ইরান নিজেদের গুছিয়ে নিতে পারছে না। তারা জানে না কীভাবে একটি পরমাণু-বিরোধী চুক্তি স্বাক্ষর করতে হয়। তাদের শীগগিরই বুদ্ধিমান হওয়া উচিত!’

এ সময় ট্রাম্প তার পোস্টে একটি এআই-নির্মিত ছবি যুক্ত করেন, যেখানে তাকে একটি অ্যাসল্ট রাইফেল হাতে দেখা যায় এবং পেছনে পাহাড়ের ঢালে বিস্ফোরণের দৃশ্য। ছবিটির ওপর লেখা ছিল— ‘নো মোর মিস্টার নাইস গাই’।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা যখন বাড়ছে এবং সম্প্রতি ওয়াশিংটন তেহরানের সঙ্গে নির্ধারিত সর্বশেষ আলোচনা বাতিল করেছে এমন সময়ে এল এই কঠোর বক্তব্য। যদিও যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ইরানের প্রস্তাব পর্যালোচনা করছে, তবে দেশটি স্পষ্ট জানিয়েছে, ট্রাম্প খারাপ কোনো চুক্তিতে তাড়াহুড়ো করবেন না এবং ইরান কখনই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না।

কিংস কলেজ লন্ডনের আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ের প্রভাষক রব গাইস্ট পিনফোল্ড আল জাজিরাকে বলেন, আমরা একটি শারীরিক যুদ্ধের পর্যায় পেরিয়ে এসেছি, কিন্তু তেহরান এবং ট্রাম্প উভয়েই তীব্র প্রতিযোগিতার পর্যায়ে রয়েছে। উভয় পক্ষই মূলত একে অপরকে এই সংকেত দেয়ার চেষ্টা করছে যে সময় তাদের পক্ষেই আছে।’ তেহরানের প্রস্তাব হলো, যুদ্ধের সমাপ্তি এবং হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে সমস্ত কঠিন বিষয় পরবর্তী সময়ের জন্য স্থগিত রাখা।

এবি/টিএ

মন্তব্য করুন