© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুমিল্লায় স্ত্রী গেম খেলতে বাধা দেওয়ায় স্বামীর আত্মহত্যা

শেয়ার করুন:
কুমিল্লায় স্ত্রী গেম খেলতে বাধা দেওয়ায় স্বামীর আত্মহত্যা

ছবি: সংগৃহীত

মোবাইল জার্নালিস্ট, কুমিল্লা
১০:১০ পিএম | ২৯ এপ্রিল, ২০২৬
কুমিল্লার দাউদকান্দিতে স্ত্রী স্বামীকে ‘ফ্রি ফায়ার’ গেম খেলতে নিষেধ করায় স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার গৌরীপুরের আঙ্গাউড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাহাবুব (২২)। তিনি কুমিল্লার দেবিদ্বার উপজেলার নোয়াপুর গ্রামের মো. আশরাফ মিয়ার ছেলে। মাহাবুব স্ত্রী সানজিদা আক্তারকে নিয়ে গত ৯ মাস ধরে গৌরীপুরের আঙ্গাউড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নির্মল চন্দ্র দেব। তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মাহাবুব নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহটি মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিহতের স্ত্রী সানজিদা আক্তার জানান, ‘তার স্বামী মাহাবুব দীর্ঘদিন ধরে ফ্রি ফায়ার গেমে আসক্ত ছিলেন। তিনি কোনো কাজকর্ম করতেন না। আগে রাজমিস্ত্রির কাজ করতেন এবং তার বাবা তাকে একটি অটোরিকশা কিনে দিলেও সেটিও তিনি চালাতেন না। সারাদিন মোবাইল গেম নিয়েই ব্যস্ত থাকতেন। মঙ্গলবার সকালে গেম খেলা নিয়ে বাধা দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর বুধবার সকালেও এ নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। পরে তিনি কাজে চলে যান। কাজ শেষে বাসায় ফিরে দেখেন দরজা বন্ধ। পাশের বাসার ভাড়াটিয়াদের সহায়তায় দরজা খুলে ভেতরে ঢুকে দেখেন, তার স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।’

এমআর/টিএ  

মন্তব্য করুন