পাম্পে তেল নিতে গিয়ে ২ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০
ছবি: সংগৃহীত
০৫:৩১ এএম | ৩০ এপ্রিল, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জ্বালানি তেল নেয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৯ এপ্রিল) উপজেলার দাদনচক হল মোড় সংলগ্ন মেসার্স মির্জা ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৭ এপ্রিল) বিকেলে মেসার্স মির্জা ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেয়ার ঘটনাকে কেন্দ্র করে বাররশিয়া গ্রামের এক যুবকের সঙ্গে দাদনচক গ্রামের এক যুবকের কথাকাটাকাটি ও ধস্তাধস্তি হয়। পরদিন মঙ্গলবার (২৮ এপ্রিল) উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে। মঙ্গলবার দিবাগত রাতে দাদনচক গ্রামের আজিজুল হক নামে এক কৃষক বাররশিয়া মাঠে ধানের জমিতে সেচ দিতে গেলে বাররশিয়া গ্রামের লোকজন আটকে রাখে।
এরই জেরে বুধবার (২৯ এপ্রিল) দুপুরে মনাকষা-শিবগঞ্জ সড়কের উপর বাররশিয়া ও দাদনচক মাঝামাঝিতে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনায় গুরুতর দুজনসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। গুরুতর আহতদের একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকি আহতের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে, এ ঘটনার জেরে দাদনচক হল মোড়ে কয়েকটি দোকান ঘর ভাঙচুর ও লুটপাট হয়।
অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিন আরাফাত জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই গ্রামের বাসিন্দাদের আলাদা করে দেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, সংঘর্ষের সূত্র যে পাম্প সেটি মেসার্স মির্জা ফিলিং স্টেশন তা বর্তমানে বন্ধ রাখা হয়েছে।
বিরোধের বিষয়টি দূলর্ভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে আলোচনা করে সমাধান করা হবে বলেও জানান তিনি।
টিজে/টিএ