© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গাজীপুরে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে ৩ পুলিশ প্রত্যাহার

শেয়ার করুন:
গাজীপুরে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে ৩ পুলিশ প্রত্যাহার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৫ এএম | ৩০ এপ্রিল, ২০২৬
গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানাধীন এলাকায় এক ব্যবসায়ীকে অপহরণ, শারীরিক নির্যাতন এবং ইয়াবা দিয়ে মাদক মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) এক আদেশে তাদের প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। তারা হলেন- কোনাবাড়ি থানার এএসআই আজিজুল হক এবং দুই কনস্টেবল নাজমুল হোসেন ও মামুন হোসেন। 

ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেন জানান, তিনি চৌরাস্তা এলাকায় একটি প্রেস ব্যবসার সাথে জড়িত। গত সোমবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে কোনাবাড়ি রুবেল ফিলিং স্টেশনের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা কয়েকজন ব্যক্তি তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

তাকে বাইমাইল হরিণচালা এলাকার একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে মারধর করা হয়। অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা পলিথিনে মোড়ানো ইয়াবা দেখিয়ে তাকে মাদক মামলায় ফাঁসানোর হুমকি দেয় এবং তার সাথে থাকা নগদ ২৮ হাজার ৪০০ টাকা ছিনিয়ে নেয়। পরবর্তীতে তাকে ভয় দেখিয়ে তার মোবাইল ব্যাংকিং (বিকাশ) অ্যাকাউন্ট থেকে আরও প্রায় ৭ হাজার ২০০ টাকা উত্তোলন করা হয়।

লিখিত অভিযোগে দেলোয়ার হোসেন উল্লেখ করেন, ওই রাতে আনুমানিক ২টার দিকে ৮ জন পুলিশ সদস্য তার বাসায় গিয়ে বিষয়টি মীমাংসা করার জন্য চাপ দেন এবং জোরপূর্বক ৫ হাজার টাকা ফেরত দেন। তবে ন্যায়বিচারের আশায় মঙ্গলবার দুপুরে তিনি কোনাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

কোনাবাড়ি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো: আবু নাসের আল-আমিন সংবাদমাধ্যমকে জানান, "ভুক্তভোগীর অভিযোগটি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি। প্রাথমিক তদন্তের প্রেক্ষিতে এএসআই আজিজুল হকসহ তিনজনকে প্রত্যাহার করা হয়েছে।"

তিনি আরও যোগ করেন, এই ঘটনার পেছনে আর কারা জড়িত এবং ঘটনার সত্যতা যাচাইয়ে অধিকতর তদন্ত চলছে। দোষী সাব্যস্ত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত এএসআই আজিজুল হক তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করলেও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন।

এসএস/এসএন

মন্তব্য করুন