প্রতিবেশিদের ভবিষ্যৎ নিশ্চিত করতে হরমুজে কর্তৃত্ব দেখাবে ইরান: গালিবাফ
ছবি: সংগৃহীত
০৮:৫৩ পিএম | ৩০ এপ্রিল, ২০২৬
হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে ইরান নিজেদের এবং প্রতিবেশি দেশগুলোর জন্য মার্কিন উপস্থিতি ও হস্তক্ষেপমুক্ত এক ভবিষ্যৎ নিশ্চিত করবে বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার মধ্যেই এই অঞ্চলের ওপর পশ্চিমা প্রভাব কমানোর বিষয়ে জোর দিয়ে তিনি এমন মন্তব্য করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বাঘের গালিবাফ ওই অঞ্চলের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ১৬২২ খ্রিস্টাব্দে দীর্ঘ ১১৫ বছরের দখদারিত্বের পর পারস্য উপসাগর থেকে ইউরোপীয় উপনিবেশবাদীদের বিতাড়িত করেছিল ইরান।
ঐতিহাসিক সেই বিজয়ের সম্মানেই পারস্য উপসাগরীয় দিবস উদযাপন করা হয় বলে তিনি উল্লেখ করেন। পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে ইরানের এই দীর্ঘস্থায়ী অবস্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি মূলত এই অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের উপস্থিতিও একইভাবে নির্মূল করার ইঙ্গিত দিয়েছেন।
সূত্র: ডন
এমআই/টিএ