পাকিস্তানে একলাফে ১৯ রূপির বেশি বাড়ল ডিজেলের দাম
ছবি: সংগৃহীত
১০:৩২ এএম | ০১ মে, ২০২৬
হরমুজ প্রণালিতে অচলাবস্থার কারণে তেলবাহী জাহাজগুলো আসতে না পারায় জ্বালানি তেলের গুরুতর সংকটে ভুগছে পাকিস্তান। এই সংকটের কারণে সাধারণ গ্রাহক পর্যায়ে ডিজেল ও পেট্রোলের দামে উল্লম্ফন ঘটাতে বাধ্য হয়েছে ইসলামাবাদ।
পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের জ্বালানি মন্ত্রণালয়ের পেট্রোলিয়াম বিভাগ গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে দেশজুড়ে খুচরা গ্রাহক পর্যায়ে ডিজেল ও পেট্রোলের নতুন দাম নির্ধারণ করে দিয়েছে। বিবৃতির তথ্য অনুসারে, এখন থেকে পাকিস্তানে সাধারণ গ্রাহক পর্যায়ে প্রতি লিটার হাই-স্পিড ডিজেল বিক্রি হবে ৩৯৯ দশমিক ৫৮ রুপিতে এবং প্রতি লিটার পেট্রোল বিক্রি হবে ৩৯৩ দশমিক ৮৬ রুপিতে।
এর আগে পাকিস্তানে সাধারণ ক্রেতা পর্যায়ে প্রতি লিটার হাই-স্পিড ডিজেলের দাম ছিল ৩৮০ দশমিক ১৯ রুপি এব প্রতি লিটার পেট্রোলের দাম ছিল ৩৩৯ দশমিক ৩৫ রুপি। অর্থাৎ, নতুন মূল্য তালিকায় ডিজেলের দাম বেড়েছে ১৯ দশমিক ৩৯ রুপি এবং পেট্রোলের দাম বেড়েছে ৬ দশমিক ৫১ রুপি। আজ ১ মে থেকে দেশজুড়ে পেট্রোল-ডিজেলের নতুন দাম কার্যকর করা হবে উল্লেখ করা হয়েছে পেট্রোলিয়াম বিভাগের বিবৃতিতে।
দাম বাড়ানোর পাশাপাশি প্রতি লিটার ডিজেলের ওপর ২৮ দশমিক ৬৯ রুপি করও বসিয়েছে পাকিস্তানের সরকার। আগে ডিজেলের ওপর কোনো কর ছিল না।
তবে পেট্রোলের ওপর থেকে কর কমানো হয়েছে। প্রতি লিটার পেট্রোলের ওপর ধার্য কর ছিল ১০৩ দশমিক ৫০ রুপি; সেখান থেকে ৩ দশমিক ৮৮ রুপি হ্রাস করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে পেট্রোলিয়াম বিভাগের বিবৃতিতে।
সূত্র : জিও টিভি
আরআই/এসএন