© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বৃষ্টি ও তেলের দামের প্রভাব বাজারে, বেড়েছে মাছ-সবজির দাম

শেয়ার করুন:
বৃষ্টি ও তেলের দামের প্রভাব বাজারে, বেড়েছে মাছ-সবজির দাম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৫ পিএম | ০১ মে, ২০২৬
টানা বৃষ্টি আর পরিবহন ভাড়া বৃদ্ধির প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারে। এর অজুহাতে মাছ, মাংস ও সবজি বাড়তি দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা। সবচেয়ে বেশি চাপে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা। গরিবের প্রোটিন হিসেবে পরিচিত ব্রয়লার মুরগিও এখন বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২০০ টাকায়।

শুক্রবার দক্ষিণ মুগদা এলাকার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, গরুর মাংস প্রতি কেজি ৭৮০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে অধিকাংশ দোকানেই ৮০০ টাকার নিচে মাংস পাওয়া যায়নি। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকা এবং সোনালি মুরগি ৩৮০ টাকা কেজিতে।

মুগদা ছোট বাজারের মাংস ব্যবসায়ী মোহাম্মদ হানিফ বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচও বেড়েছে। সামনে কোরবানির ঈদ থাকায় ব্যাপারীরাও বেশি দামে গরু কিনছেন। তাই মাংসের দাম কমার সম্ভাবনা নেই।

এদিকে হঠাৎ ব্রয়লারের দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। খাদিজা নামের এক ক্রেতা বলেন, কয়েকদিন আগেও ১৮০ টাকায় মুরগি কিনেছেন। এখন একই মুরগি ২০০ টাকা। সবকিছুর দাম বাড়লে নিম্ন আয়ের মানুষ কীভাবে চলবে, সেই প্রশ্ন তোলেন তিনি।

মাছের বাজারেও মিলছে না স্বস্তি। সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের মাছের দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। বাজারে পাঙাশ মাছ বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৬০ টাকায়। এছাড়া তেলাপিয়া ২৩‌০, পাবদা ৩৮০, রুই ৩২০ থেকে ৩৬০, কাতল ৪০০ এবং টেংরা ৮৫০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। আধা কেজি ওজনের ইলিশের দাম উঠেছে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকায়।

সবজির বাজারেও চড়া দাম। ৬০ টাকার নিচে কোনো সবজি মিলছে না। করলা, পটল ও ঢেঁড়স বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে। চিচিঙ্গা ও ঝিঙা ৭০, বরবটি ৮০, কাঁকরোল ১২০ এবং বেগুন ৮০ থেকে ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। শসার কেজি উঠেছে ১০০ থেকে ১১০ টাকায়।

বিক্রেতাদের দাবি, টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় সবজিখেত পানির নিচে চলে যাওয়ায় সরবরাহ কমেছে। পাশাপাশি জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন ব্যয়ও বেড়েছে। এসব কারণেই বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে নিত্যপণ্য।

এসএন 

মন্তব্য করুন