নাহিদের বক্তৃতা শুনে মন ভালো হয়ে গেছে : ফাহাম
ছবি: সংগৃহীত
০৮:৫৫ পিএম | ০১ মে, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের প্রশংসা করেছেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম। তিনি বলেছেন, ‘নাহিদের বক্তব্য শুনে ভালো হয়ে গেছে। আমাদের এই তরুণ ছেলেরা সংসদে চমৎকার বলছে।’
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।
ফাহাম আব্দুস সালাম বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদের মতো এমন প্রাণবন্ত সংসদ আমরা গত ১৭ বছর দেখি নাই। জুলাই গণঅভ্যুত্থানের এটি সবচেয়ে বড় পাওয়া যে সংসদ গণতন্ত্রের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে।’ এর আগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হয়। সেদিন রাতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীরবিক্রম অধিবেশন সমাপনী সংক্রান্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ঘোষণা পাঠের মাধ্যমে প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন। সংসদ নিয়ে নিজের অভিজ্ঞতার কথাই ফেসবুক পোস্টে প্রকাশ করেন ফাহাম।
তরুণ সংসদ সদস্যদের গঠনমূলক বক্তব্য সংসদের প্রাণবন্ততা বাড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমান সংসদে সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে শালীন ও সভ্য আচরণ লক্ষ্য করা যাচ্ছে, যা ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত বহন করে।’
বিষয়টি নিয়ে তিনি আরও বলেন, ‘গতকাল (২৯ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বিরোধী দলের একজন নেতা অসুস্থ হলে দেখার জন্য ছুটে গেছেন। সকল সংসদ সদস্যকে আন্তরিক ধন্যবাদ যে তারা সিভিলাইজড আচরণ করছেন। এরকম সভ্য আচরণই আমরা আপনাদের কাছে দেখতে চাই।’
ফাহাম বলেন, স্পিকারের দক্ষ পরিচালনায় এই সংসদের কার্যক্রম সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। বিরোধী দলগুলোকেও বিশেষ ধন্যবাদ যে তারা সংসদে পার্টিসিপেট করছেন। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মোট বৈঠক দিবস ছিল ২৫টি। অধ্যাদেশ ছিল ১৩৩টি। অধ্যাদেশগুলোর বিপরীতে বিল পাশ হয়েছে ৯১টি। এর মধ্যে বৃহস্পতিবার দুটি বিলসহ মোট ৯৪টি বিল পাশ হয়েছে। আইন প্রণয়ন কার্যাবলী ছাড়াও এ অধিবেশনে ৫টি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে এবং ২টি বিশেষ কমিটি গঠিত হয়েছে।
এবি/টিএ