ইরান যুদ্ধের প্রভাবভারতে এক ধাক্কায় সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ৯৯৩ রুপি
ছবি: সংগৃহীত
০৯:০৪ পিএম | ০১ মে, ২০২৬
ইরান যুদ্ধের প্রভাবে রান্নার সিলিন্ডার গ্যাস ও প্লেনের জ্বালানির দাম বৃদ্ধি করেছে ভারত। প্লেনের জ্বালানির বিষয়টি শুধু আন্তর্জাতিক এয়ারলাইন্সের ক্ষেত্রে প্রযোজ্য হবে। নতুন দাম নির্ধারণের পর দেখা গেছে দেশটিতে ১৯ কেজির একটি গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৯৯৩ রুপি বৃদ্ধি পেয়েছে।
দক্ষিণ এশিয়ার দেশ ভারত আমদানিকৃত জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। যারমধ্যে রান্নার গ্যাসের ৬০ শতাংশই আমদানি করতে হয় তাদের। বিশ্বে রান্নার জন্য ভারতই সবচেয়ে বেশি গ্যাস ব্যবহার করে থাকে।
দাম বৃদ্ধির ব্যাপারে ভারতের রাষ্ট্রয়াত্ত্ব ইন্ডিয়ান অয়েল কোম্পানি লিমিটেড শুক্রবার (১ মে) এক বিবৃতিতে বলেছে, “পাইকারি ও বাণিজ্যিক গ্যাসের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।”
সংস্থাটির প্রকাশিত নতুন চার্টে দেখা গেছে, ১৯ কেজির সিলিন্ডার গ্যাসের দাম একদিনের ব্যবধানে ৯৯৩ রুপি বাড়ানো হয়েছে।
ভারতের বিভিন্ন রাজ্যে গ্যাসের দাম বিভিন্ন হয়। নতুন দাম নির্ধারণের ফলে রাজধানী দিল্লিতে গ্যাসের দাম রাতারাতি ৪৮ শতাংশ বেড়ে গেছে। আগে সেখানে ১৯ কেজির সিলিন্ডারের দাম ছিল ২ হাজার ৮০ রুপি। এখন সেটি হয়ে গেছে ৩ হাজার ৭১ রুপি।
অপরদিকে প্লেনের জ্বালানির দাম দিল্লিতে আগের দামের তুলনায় পাঁচ শতাংশ বেড়েছে।
সূত্র: আলজাজিরা
এমআই/টিএ