গ্যাসের দাম বাড়ায় নরেন্দ্র মোদির ব্যঙ্গ ছবি প্রকাশ কংগ্রেসের
ছবি: সংগৃহীত
০৯:১২ পিএম | ০১ মে, ২০২৬
ইরান যুদ্ধের প্রভাবে ভারতে একদিনে গ্যাসের দাম প্রায় এক হাজার রুপি বৃদ্ধি করা হয়েছে। এ দাম বৃদ্ধি নিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যঙ্গ চিত্র প্রকাশ করেছে প্রধান বিরোধী দল ভারতীয় কংগ্রেস।
এতে গ্যাসের দাম বৃদ্ধির বিষয়টি প্রকাশ করা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে মোদি ইয়োগা করছেন। এতে দেখানো হয়েছে ২০২৫ সালের ডিসেম্বরে যেখানে এক সিলিন্ডার গ্যাসের দাম ১ হাজার ৬৮৪ রুপি ছিল। সেখানে ২০২৫ সালের ১ মে এ দাম ৩ হাজার ২০২ রুপিতে পৌঁছেছে।
দক্ষিণ এশিয়ার দেশ ভারত আমদানিকৃত জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। যারমধ্যে রান্নার গ্যাসের ৬০ শতাংশই আমদানি করতে হয় তাদের। বিশ্বে রান্নার জন্য ভারতই সবচেয়ে বেশি গ্যাস ব্যবহার করে থাকে।
দাম বৃদ্ধির ব্যাপারে ভারতের রাষ্ট্রয়াত্ত্ব ইন্ডিয়ান অয়েল কোম্পানি লিমিটেড আজ শুক্রবার বিবৃতিতে বলেছে, “পাইকারি ও বাণিজ্যিক গ্যাসের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।”
সংস্থাটির প্রকাশিত নতুন চার্টে দেখা গেছে, ১৯ কেজির সিলিন্ডার গ্যাসের দাম একদিনের ব্যবধানে ৯৯৩ রুপি বাড়ানো হয়েছে।
ভারতের বিভিন্ন রাজ্যে গ্যাসের দাম বিভিন্ন হয়। নতুন দাম নির্ধারণের ফলে রাজধানী দিল্লিতে গ্যাসের দাম রাতারাতি ৪৮ শতাংশ বেড়ে গেছে।
কেএন/টিএ