© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হজ ক্যাম্পে চুরির ঘটনায় গ্রেপ্তার দুই, ১৭ হাজার সৌদি রিয়াল উদ্ধার

শেয়ার করুন:
হজ ক্যাম্পে চুরির ঘটনায় গ্রেপ্তার দুই, ১৭ হাজার সৌদি রিয়াল উদ্ধার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৬ পিএম | ০১ মে, ২০২৬
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আশকোনা হজ ক্যাম্পে সংঘটিত চাঞ্চল্যকর সৌদি রিয়াল চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতায় পরিচালিত এক যৌথ অভিযানে চুরি হওয়া ১৭ হাজার সৌদি রিয়াল ও নগদ ৯০ হাজার বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২২ এপ্রিল আশকোনা হজ ক্যাম্পে এক হজযাত্রীর কাছ থেকে প্রায় ২২ হাজার সৌদি রিয়াল (প্রায় ৮ লাখ টাকা) চুরি করে একটি সংঘবদ্ধ চক্র। তদন্তের ধারাবাহিকতায় সিটি এসবি’র তথ্যপ্রযুক্তি সহায়তায় মতলব এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

রেডিও লোকেশন ট্র্যাকিংয়ের মাধ্যমে হাবিবুর রহমানকে অনুসরণ করে মুন্সীগঞ্জের গজারিয়া হয়ে ডেমরা অতিক্রম করে খিলক্ষেত এলাকায় পৌঁছে বিশেষ পুলিশ সুপার (সিটি এসবি উত্তর) মো. রেজাউল করিমের টিমের সঙ্গে যৌথ অভিযানে বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গী স্টেশন রোড এলাকা থেকে নাদিমকে আটক করা হয়।

পরবর্তীতে গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া ৫০০ রিয়ালের ৩৫টি নোটসহ মোট ১৭ হাজার ৫০০ সৌদি রিয়াল উদ্ধার করা হয়। এছাড়া, চুরি হওয়া অর্থের একটি অংশ ভাঙিয়ে নেওয়া টাকার মধ্যে ৯০ হাজার টাকা জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনার মূল পরিকল্পনাকারী আব্দুল মান্নান পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব বলেন, তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ও বিভিন্ন ইউনিটের সমন্বয়ে দ্রুত সময়ের মধ্যে চুরির রহস্য উদঘাটন সম্ভব হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

এবি/টিএ

মন্তব্য করুন