বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম
ছবি: সংগৃহীত
১১:৩৩ পিএম | ০১ মে, ২০২৬
বিশ্ববাজারে স্বর্ণের দাম পুনরায় ঊর্ধ্বমুখী হয়েছে। শুক্রবার (১ মে) দিনের শুরুতে ১ শতাংশের বেশি কমলেও পরে দাম ঘুরে দাঁড়ায়। ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ করতে সম্ভাব্য কূটনৈতিক অগ্রগতির আশায় এই পরিবর্তন দেখা গেছে বলে বাজার বিশ্লেষকরা জানিয়েছেন।
যুদ্ধের অবসানে ইরান সরকার পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র একটি নতুন প্রস্তাব দিয়েছে—এমন খবর প্রকাশের পর বিশ্ববাজারে স্বর্ণের চাহিদা বৃদ্ধি পায়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার গ্রিনিচ মান সময় ২টা ৩৬ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৩৬ দশমিক ৭২ ডলারে দাঁড়িয়েছে। এর আগে দিনের শুরুতে এটি ৪ হাজার ৫৫৯ দশমিক ৪৮ ডলারে নেমে যায়।
অন্যদিকে জুন ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচার্স ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৪৯ দশমিক ৬০ ডলারে পৌঁছায়।
কিটকো মেটালসের সিনিয়র বিশ্লেষক জিম উইকফ বলেন, ‘ইরান আবার আলোচনায় ফিরতে আগ্রহী- এমন সম্ভাব্য কূটনৈতিক অগ্রগতির কারণে বিনিয়োগকারীদের ঝুঁকি গ্রহণের আগ্রহ বেড়েছে। এতে মার্কিন ডলারের ওপর চাপ তৈরি হয়েছে এবং স্বর্ণের বাজারও ঊর্ধ্বমুখী হয়েছে।’
এদিকে ডলারের মান ০.৩ শতাংশ কমেছে, ফলে অন্যান্য মুদ্রায় বিনিয়োগকারীদের জন্য স্বর্ণ কিছুটা সস্তা হয়ে ওঠে। স্বর্ণের দাম বাড়লেও তেলের দাম এদিন কিছুটা কমেছে, যদিও তা সাপ্তাহিক ভিত্তিতে ঊর্ধ্বমুখী থাকার পথে রয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে জ্বালানি তেলের দামের ওঠানামা বিশ্ব অর্থনীতিতে মুদ্রাস্ফীতির চাপ বাড়াচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
অন্যদিকে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৬ দশমিক ২৬ ডলার, প্লাটিনাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ২ হাজার ২ ডলার দাঁড়িয়েছে।
এমআর/টিএ