© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সন্দ্বীপে টানা ৫ দিন পর পুনরায় নৌ চলাচল শুরু

শেয়ার করুন:
সন্দ্বীপে টানা ৫ দিন পর পুনরায় নৌ চলাচল শুরু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৭ পিএম | ০২ মে, ২০২৬
টানা পাঁচ দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সন্দ্বীপের সঙ্গে নৌপথে যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শনিবার (২ মে) দুপুরে আবহাওয়া অধিদপ্তর সতর্কতা সংকেত প্রত্যাহার করলে গুপ্তছড়া ফেরিঘাট থেকে কুমিরা ও বাঁশবাড়িয়া রুটে স্পিডবোট ও ফেরি চলাচল শুরু হয়।

বিকেল ২টায় যাত্রী ও পণ্যবাহী গাড়ি নিয়ে ‘কপোতাক্ষ’ ফেরি যাত্রা শুরু করে। তবে যাত্রী সংকটের কারণে ‘মালঞ্চ’ নামের একটি জাহাজ ঘাট থেকে ছেড়ে যায়নি।

প্রায় ১০১ ঘণ্টা পর সন্দ্বীপ চ্যানেলে নৌ চলাচল শুরু হওয়ায় যাত্রী ও চালকদের মধ্যে স্বস্তি ফিরেছে। এর আগে বিরূপ আবহাওয়া ও সতর্কতা সংকেতের কারণে স্পিডবোট, জাহাজ ও ফেরি চলাচল বন্ধ থাকায় দ্বীপটির সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এ সময় জরুরি যাতায়াত ও রোগী পরিবহনে ভোগান্তি দেখা দেয়। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে বহু ট্রাক ও পিকআপ আটকে পড়ে, ফলে চালক ও সহকারীরা দুর্ভোগে পড়েন।

স্থানীয়রা জানান, সামান্য আবহাওয়ার অবনতিতেই সন্দ্বীপের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তারা আধুনিক প্রযুক্তিনির্ভর নৌযান চালুর মাধ্যমে নিরাপদ ও নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করার দাবি জানান।

এসকে/এসএন

মন্তব্য করুন