আন্তর্জাতিক বারের লিয়াজোঁ অফিসার হলেন ব্যারিস্টার সাকিব মাহবুব
ছবি: সংগৃহীত
১০:৫৩ এএম | ০৩ মে, ২০২৬
সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার সাকিব মাহবুব আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশনের (আইবিএ) এশিয়া প্যাসিফিক রিজিওনাল ফোরামের (এফপিআরএফ) লিটিগেশন কমিটির লিয়াজোঁ অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন।
রোববার (০৩ মে) মাহবুব অ্যান্ড কোম্পানী থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় সাকিব মাহবুব, ২০২৬-২০২৭ মেয়াদের জন্য এ দায়িত্ব পালন করবেন। নতুন এ দায়িত্বে ব্যারিস্টার সাকিব মাহবুব এপিআরএফ এবং আইবিএর লিটিগেশন কমিটির মধ্যে সমন্বয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
মামলাসংক্রান্ত বিষয়গুলোতে সহযোগিতা বৃদ্ধি, জ্ঞান বিনিময় এবং কৌশলগত সম্পৃক্ততা জোরদারে কাজ করবেন তিনি। এর আগে ২০২৪-২০২৬ মেয়াদে তিনি প্রফেশনাল ওয়েলবিয়িং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
১৯৪৭ সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশন বিশ্বব্যাপী আইনজীবী, বার অ্যাসোসিয়েশন ও ল সোসাইটিগুলোর অন্যতম প্রধান সংগঠন হিসেবে স্বীকৃত। বর্তমানে সংস্থাটির সদস্য সংখ্যা ৮০ হাজারেরও বেশি আইনজীবী এবং প্রায় ১৯০টি বার অ্যাসোসিয়েশন ও ল সোসাইটি, যা বিশ্বের ১৭০টিরও বেশি বিচারব্যবস্থাকে অন্তর্ভুক্ত করে। আইবিএ বিশ্বব্যাপী আইনের শাসন প্রতিষ্ঠা, আইন সংস্কার এবং আইনি পেশার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
এশিয়া প্যাসিফিক রিজিওনাল ফোরাম অঞ্চলটির মধ্যে আইবিএর প্রধান সমন্বয়কারী সংস্থা হিসেবে কাজ করে। এটি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আইনজীবীদের মধ্যে পেশাগত সহযোগিতা বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ আইনি উন্নয়নগুলো নিয়ে কাজ করে।
সাকিব মাহবুবের এ নিয়োগ আন্তর্জাতিক অঙ্গনে তার ক্রমবর্ধমান সম্পৃক্ততার প্রতিফলন এবং বৈশ্বিক আইনি প্ল্যাটফর্মে বাংলাদেশের শক্তিশালী উপস্থিতির ইঙ্গিত বহন করে। ব্যারিস্টার সাকিব মাহবুবের বাবা ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এমপি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নবগঠিত নির্বাহী কমিটির যৌথ নেতৃত্বে রয়েছেন অ্যালেন অ্যান্ড গ্লেডহিল (সিঙ্গাপুর)-এর ইন্টারন্যাশনাল অ্যান্ড আরবিট্রেশন প্র্যাকটিসের কো-হেড দিনেশ ধিলন এবং দক্ষিণ কোরিয়ার সিউলভিত্তিক ইউলচন ফার্মের পার্টনার সান হি কিম। তাদের নেতৃত্বে ফোরামটি পেশাগত উৎকর্ষতা ও আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।
কেএন/এসএন