বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
ছবি: সংগৃহীত
০৯:০৭ পিএম | ০৪ মে, ২০২৬
কয়েক ঘণ্টার ব্যবধানে আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় ধরনের ধস নেমেছে। সোমবার (৪ মে) লেনদেন শুরুর কিছুক্ষণের মধ্যেই মূল্যবান এই ধাতুর দাম ১ শতাংশের বেশি কমে গেছে।
মূলত ডলার শক্তিশালী হওয়া এবং মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার বদলে এখন ডলারের দিকেই বেশি ঝুঁকছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ গ্রিনিচ মান সময় (জিএমটি) ১১টা ৪০ মিনিট পর্যন্ত বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম ১ দশমিক ৩ শতাংশ কমেছে। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৫৫৩ ডলার ৫৩ সেন্টে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার বা ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে স্বর্ণের দাম ১ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৬৫ ডলার ৪০ সেন্টে লেনদেন হচ্ছে।
স্বর্ণের পাশাপাশি বিশ্ববাজারে আজ রুপার দামও অনেক কমেছে। স্পট মার্কেটে রুপা ৩ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৭৩ ডলার ৪ সেন্টে নেমেছে। এ ছাড়া প্লাটিনাম ২ দশমিক ৫ শতাংশ এবং প্যালাডিয়াম ৩ দশমিক ৫ শতাংশ কমে লেনদেন হচ্ছে।
আইআর/টিএ