© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শামীম ওসমানের বিচার শুরু হবে কিনা, আদেশ আজ

শেয়ার করুন:
শামীম ওসমানের বিচার শুরু হবে কিনা, আদেশ আজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৬ এএম | ০৫ মে, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন বিষয়ে আজ আদেশ দেবেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (৫ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেবেন।

গত ২৩ এপ্রিল আসামিদের অব্যাহতি (ডিসচার্জ) চেয়ে শুনানি শেষ করেন আইনজীবী মো. আলী হায়দার, শেখ মুস্তাভী হাসান ও আমির হোসেন। আসামিরা পলাতক থাকায় সরকারি খরচে নিয়োগ পেয়ে আইনি লড়াই করছেন তারা।

আওয়ামী লীগের রাজনীতি করার কারণেই এ মামলায় শামীম ওসমানসহ ১২ জনকে আসামি করা হয়েছে বলে দাবি এই আইনজীবীদের। তারা জানান, মক্কেলদের বিরুদ্ধে প্রাথমিক কোনো অভিযোগ আনতে পারেনি প্রসিকিউশন। এজন্য তাদের অব্যাহতি চাওয়া হয়।

প্রসিকিউশন থেকে আইনজীবী আলী হায়দারের ডিসচার্জ আবেদন নিয়ে আপত্তি জানানো হয়। শামীম ওসমানসহ অন্য আসামিদের সঙ্গে তার যোগসাজশ রয়েছে বলেও দাবি করেন তারা। পরে উভয়পক্ষের শুনানি শেষে আনুষ্ঠানিক অভিযোগ বিষয়ে আদেশের জন্য আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

শামীম ওসমান ছাড়া অন্য আসামিরা হলেন- শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, অয়নের শ্যালক মিনহাজ উদ্দিন আহমেদ ভিকি, নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবের সাবেক সভাপতি তানভীর আহমেদ টিটু, বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির নারায়ণগঞ্জ প্রতিনিধি রাজু আহমেদ, ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল করিম বাবু, ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামরুল হাসান মুন্না, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শাহ নিজাম উদ্দিন আহমেদ, যুবলীগ নেতা শাহাদাত হোসেন সাজনু, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রিয়াদ ও সোহানুর রহমান শুভ্র।

এর আগে, ১৯ এপ্রিল আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানিয়ে প্রসিকিউশনের শুনানি শেষ হয়। শুনানিতে মামলায় আনা তিনটি অভিযোগ তুলে ধরেন তারা। এর মধ্যে প্রথম অভিযোগ হলো- ২০২৪ সালের ১৯ জুলাই নারায়ণগঞ্জ সদর উপজেলার চাষাঢ়া, ফতুল্লা থানাধীন সাইনবোর্ডসহ আশপাশের এলাকায় কিশোর আদিল, ইয়াছিন, শিক্ষার্থী পারভেজ, পোশাককর্মী রাসেল, ছয় বছরের শিশু রিয়াসহ ছয়জনকে হত্যা করা হয়। দ্বিতীয় অভিযোগ অনুযায়ী ২১ জুলাই ফতুল্লা থানাধীন ভূইগড় বাসস্ট্যান্ডের সামনে আবদুর রহমান ও মোহাম্মদ রাকিবকে হত্যা করা হয়। তৃতীয় অভিযোগে ৫ আগস্টে বদিউজ্জামান ও আবুল হাসানকে হত্যা করা হয়।

চলতি বছরের ১৯ জানুয়ারি প্রসিকিউশনের দাখিল করা ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-১।

এমআর/এসএন 

মন্তব্য করুন