সাবেক এমপি রুমীকে নতুন মামলায় শ্যোন অ্যারেস্ট দেখালেন আদালত
ছবি: সংগৃহীত
১১:৪১ এএম | ০৫ মে, ২০২৬
লালমনিরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে নতুন একটি মামলায় পুনরায় গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। রংপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাশেদ হোসেন সোমবার (৪ মে) বিকেলে শুনানি শেষে এ আদেশ দেন।
মঙ্গলবার (৫ মে) সকালে রংপুর আদালতের কোর্ট পরিদর্শক শাহিন আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যাচেষ্টা মামলায় তদন্তের স্বার্থে আসামি সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার দেখানোর আবেদন জানানো হলে আদালত তা মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, সোমবার (৪ মে) বিকেলে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে সফুরা বেগম রুমীকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত রমজান আলী হত্যাচেষ্টা মামলায় তাকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানোর আবেদন গ্রহণ করেন এবং পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বিবরণ অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে গুরুতর আহত হন রমজান আলী। পরে তিনি কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আলম বাদশা আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করেন, ঘটনার সঙ্গে সফুরা বেগম রুমীর সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। ফলে তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।
শুনানি শেষে বিজ্ঞ বিচারক পুলিশের ওই আবেদন গ্রহণ করেন। এর ফলে, আগে থেকেই কারাগারে থাকা এই সাবেক সংসদ সদস্য এখন নতুন মামলাতেও আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার হিসেবে গণ্য হবেন।
এদিকে, এর আগে গত ৮ এপ্রিল রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারের পর তাকে লালমনিরহাট কারাগারে রাখা হলেও পরবর্তী সময়ে প্রশাসনিক কারণে রংপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।
এমআর/এসএন