সুন্দরবনে ২ দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্ট গার্ড
ছবি: সংগৃহীত
০৫:৩৩ পিএম | ০৫ মে, ২০২৬
কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক খুলনার দাকোপ থানাধীন ঢাংমারী খাল সংলগ্ন এলাকায় গতকাল একটি বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত এলাকা হতে ডাকাতি চেষ্টায় জড়িত থাকা ২ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন।
মঙ্গলবার ০৫ মে ২০২৬ তারিখ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গত ৪ মে ২০২৬ তারিখ ভোর ৪টায় একটি দুষ্কৃতিকারী চক্র খুলনার দাকোপ থানাধীন ঢাংমারী খাল সংলগ্ন সুন্দরী ইকো রিসোর্টে আগত পর্যটকদের উপর হামলা ও লুটপাটের উদ্দেশ্যে রিসোর্ট এর জানালার গ্রিল ভেঙে ভিতরে প্রবেশ করে। এ সময় রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে ধাওয়া করলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি কোস্ট গার্ডকে অবগত করে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে গত ৪ মে ২০২৬ তারিখ বিকাল ৫টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ঢাংমারী খাল সংলগ্ন এলাকা হতে ডাকাতি চেষ্টায় জড়িত থাকায় ২ জন দুষ্কৃতিকারী রাজন সরদার (২৫) এবং রতন সরদার (১৪) কে আটক করা হয়। তারা উভয়ই খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ চুরি ও ছিনতাইয়ের সাথে জড়িত ছিল।
আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়।
টিকে/