জঙ্গি না থাকলে তো রেড অ্যালার্ট থাকত না: উপদেষ্টা জাহেদ
ছবি: সংগৃহীত
তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, জঙ্গিবাদ নিয়ে সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের মধ্যে ‘খুব বেশি ভিন্নতা’ নেই। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, এ ধরনের সংবেদনশীল বিষয়ে সব তথ্য সবসময় প্রকাশ করা সম্ভব নয়।
মঙ্গলবার (৫ মে) সকালে সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, “এই ধরনের ঘটনায় সবসময় পাবলিকলি সব কথা সরকার বলবে–সেটা সবসময় হবে না।”
তিনি আরও জানান, দেশে ‘জঙ্গিবাদ’ শব্দটি ব্যবহার নিয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকলেও বাস্তবে এক ধরনের ‘লো-ইন্টেনসিটি’ উগ্রবাদী উপস্থিতি রয়েছে। “মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন কিছু এক্সট্রিমিজমের অস্তিত্ব আছে। জঙ্গিবাদ বলুন বা উগ্রবাদ—একটা উপস্থিতি তো আছেই। না হলে রেড অ্যালার্ট থাকত না,” বলেন তিনি।
দেশে জঙ্গি আছে কি না—এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, “রেড অ্যালার্ট যেহেতু এখনো আছে, তার মানে বিষয়টি বুঝে নিতে হবে।” তবে গোয়েন্দা তথ্যের বিষয়ে বিস্তারিত প্রকাশ না করার কথাও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, অতীতে জঙ্গিবাদকে অতিরঞ্জিত করে রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করা হয়েছে, আবার অন্যদিকে কেউ কেউ সম্পূর্ণ অস্বীকার করার চেষ্টা করেছেন—দুটোই চরম অবস্থান। তার মতে, বাস্তবতা মাঝামাঝি অবস্থানে রয়েছে এবং সরকার সেটিকে মোকাবিলায় কাজ করছে।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ আগেই বলেছিলেন, দেশে ‘জঙ্গি তৎপরতা’ নেই, তবে কিছু ‘এক্সট্রিমিস্ট’ বা উগ্র গোষ্ঠীর অস্তিত্ব বিশ্বব্যাপী যেমন থাকে, তেমন বাংলাদেশেও থাকতে পারে।
সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে সতর্কবার্তা দেওয়া হয় যে, নিষিদ্ধঘোষিত একটি উগ্রবাদী সংগঠন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার চেষ্টা করতে পারে। এর পরিপ্রেক্ষিতে বিমানবন্দরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
প্রসঙ্গত, অতীতে জঙ্গিবাদবিরোধী অভিযানের প্রেক্ষাপটে গুমের অভিযোগ তদন্তে গঠিত কমিশনও বলেছিল, সন্ত্রাসবাদ বৈশ্বিক বাস্তবতা এবং বাংলাদেশও এর বাইরে নয়। একই সঙ্গে তারা সতর্ক করেছিল, সন্ত্রাসবিরোধী কার্যক্রম যেন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত না হয়।
সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ আলম, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল উপস্থিত ছিলেন।
আইকে/টিএ