বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের
ছবি: সংগৃহীত
১২:২১ পিএম | ০৬ মে, ২০২৬
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় বিনয় কৃষ্ণ বিশ্বাস নামে (৫৪) এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। বুধবার (৬ মে) সকাল ৯টায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার তিলছড়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত বিনয় কৃষ্ণ বিশ্বাস কাশিয়ানী উপজেলার পারকরফা জালালিয়া মাদরাসার অফিস সহকারী ও ওড়াকান্দি ইউনিয়নের ঘৃতকান্দি গ্রামের রবীন্দ্রনাথ বিশ্বাসের ছেলে।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. আব্দুল গাফ্ফার স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকাল ৯টার দিকে বিনয় কৃষ্ণ বিশ্বাস বাড়ি থেকে মোটরসাইকেলযোগে তার কর্মস্থল কাশিয়ানীর পারকরফা জালালিয়া মাদরাসায় যাচ্ছিলেন।
তিনি ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে ঢাকাগামী দোলা পরিবহনের একটা বাস তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরো জানান, পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠিয়েছে। ঘাতক বাসটিকে শনাক্ত করে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
এসকে/এসএন