পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে নতুন সিদ্ধান্ত ভারতের
ছবি: সংগৃহীত
১০:৫০ পিএম | ০৬ মে, ২০২৬
সীমান্ত উত্তেজনা ও রাজনৈতিক বৈরিতার দীর্ঘ প্রভাবের মধ্যেই ভারত-পাকিস্তান ক্রীড়াসম্পর্কে কিছুটা নমনীয়তার ইঙ্গিত দিয়েছে ভারত। সাম্প্রতিক সময়ে জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলা ঘিরে উত্তেজনা ও পাল্টাপাল্টি অভিযোগের পর দুই দেশের সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে।
এমনকি কয়েকদিন সামরিক উত্তেজনার পর পাকিস্তানি অ্যাথলেটদের ভারতের ভিসা পাওয়া নিয়েও জটিলতা তৈরি হয়।
তবে পরিস্থিতি আংশিক বদলেছে। মঙ্গলবার (৫ মে) ভারতের ক্রীড়া মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে, দেশটিতে আয়োজিত বহুপাক্ষিক আন্তর্জাতিক ইভেন্টে পাকিস্তানি ক্রীড়াবিদ ও দল অংশ নিতে পারবে। তবে দ্বিপাক্ষিক সিরিজ বা সফরের ক্ষেত্রে আগের অবস্থানেই অনড় ভারত- দুই দেশের মধ্যে সরাসরি কোনো ক্রীড়া আয়োজন আপাতত সম্ভব নয়।

বাস্তবে, আন্তর্জাতিক প্রতিযোগিতা ছাড়া দুই দেশের ক্রীড়াবিনিময় বহু বছর ধরেই সীমিত। বিশেষ করে ক্রিকেটে ২০১২ সালের পর থেকে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে। ফলে নতুন এই সিদ্ধান্তে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত না থাকলেও সাম্প্রতিক ভিসা জটিলতা কমার সম্ভাবনা তৈরি হয়েছে।
এদিকে, ভারত নিজেকে বৈশ্বিক ক্রীড়া আয়োজক হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। সামনে ২০৩০ কমনওয়েলথ গেমস, ২০২৯ চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০৩১ ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে। এই লক্ষ্যেই আন্তর্জাতিক মানদণ্ড মেনে ভিসা প্রক্রিয়া সহজ করার ঘোষণা দিয়েছে দেশটি।
আগামী মাসগুলোতে আন্তর্জাতিক মঞ্চে ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়ার সম্ভাবনাও রয়েছে-যদিও সেগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে।
এমআর/এসএন