গাজীপুর সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা
ছবি: সংগৃহীত
০১:০২ এএম | ০৭ মে, ২০২৬
আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সময় কাউন্সিলর প্রার্থীদেরও নাম ঘোষণা করা হয়।
বুধবার (৬ মে) সন্ধায় টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদরাসা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রার্থিতা ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
জানা যায়, গাজীপুর মহানগর জামায়াত ইসলামীর আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক মুহাম্মদ আব্দুর রব, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইয়ুবী। অনুষ্ঠানে গাজীপুর জামায়াত ইসলামী ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় তিন শ দায়িত্বশীল সদস্য উপস্থিত ছিলেন।
জামায়াতের দলীয় সূত্র জানায়, অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামীর জনপ্রিয়তা ও জনসমর্থন নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথি তার বক্তব্যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের গঠনমূলক আলোচনা করেন। পরবর্তীতে আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী মেয়র ও কাউন্সিলর প্রার্থীর নাম ঘোষণা করেন।
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন ড. মুহাম্মদ হাফিজুর রহমান। হাফিজুর রহমান উচ্চ আদালত থেকে বাতিল হওয়া গাজীপুর-৬ (টঙ্গী- গাছা-পূবাইল) নির্বাচনী এলাকা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ছিলেন।
ইউটি/টিএ