© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রোহিঙ্গা ক্যাম্পে নতুন শেল্টার নির্মাণ নিয়ে যা বলছে ইউএনএইচসিআর

শেয়ার করুন:
রোহিঙ্গা ক্যাম্পে নতুন শেল্টার নির্মাণ নিয়ে যা বলছে ইউএনএইচসিআর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৭ এএম | ০৭ মে, ২০২৬
কক্সবাজারের কাছে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে কর্তৃপক্ষের অনুমোদনের আওতায় থেকে স্থানভেদে ভূমি উন্নয়ন ও শেল্টার নির্মাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) যোগাযোগ কর্মকর্তা শারি নিজমান।

বুধবার (৬ মে) রাতে পাঠানো এক বার্তায় তিনি এ তথ্য জানান।

ইউএনএইচসিআরের যোগাযোগ কর্মকর্তা জানান, চলমান সব কাজই অস্থায়ী প্রকৃতির এবং শুধু মানবিক মানদণ্ড অনুযায়ী শরণার্থীদের নিরাপত্তা ও জীবনযাপনের পরিবেশ উন্নত করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। এছাড়া, সরকারের নির্দেশনা অনুযায়ী নতুন আবাসনের জন্য ইউএনএইচসিআর ক্যাম্প এলাকায় কোনো পাহাড় কাটছে না। কর্তৃপক্ষের অনুমোদনের আওতায় থেকে স্থানভেদে বিভিন্ন ধরনের শেল্টার নকশা ব্যবহার করে ভূমি উন্নয়ন ও শেল্টার নির্মাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শারি নিজমান জানান, শেল্টার নির্মাণ কাজ কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শক্রমে ক্যাম্পের নির্ধারিত সীমানার ভেতরে এবং ২০১৭ সালে শরণার্থীদের জন্য বরাদ্দকৃত জমিতে পরিচালিত হচ্ছে। একইসঙ্গে পরিবেশগত বিষয়গুলোও বিবেচনায় রাখা হচ্ছে।

তিনি জানান, নির্মাণাধীন এসব শেল্টার কোনো স্থায়ী কাঠামো নয় এবং বাংলাদেশে রোহিঙ্গাদের অবস্থানের অস্থায়ী প্রকৃতির কোনো পরিবর্তনের ইঙ্গিত দেয় না। রোহিঙ্গা শরণার্থীরা নিজ দেশে ফিরতে চান। তবে বর্তমানে মিয়ানমারের পরিস্থিতি তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের উপযোগী নয়। এ অবস্থায় বর্ষার বৃষ্টিসহ প্রতিকূল আবহাওয়া মোকাবিলায় টেকসই শেল্টারের প্রয়োজন রয়েছে।

তিনি আরও জানান, নিরাপত্তা নিশ্চিত করা এবং অস্থায়ী শেল্টার বজায় রাখার জন্য সম্মত নীতিমালার আলোকে বাঁশ ও ত্রিপল দিয়ে তৈরি শেল্টারের কাঠামোগত খুঁটি হিসেবে স্টিল পাইপ ব্যবহার করা হচ্ছে। এই স্টিল কাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সহজেই খুলে ফেলা যায়, যা ভবিষ্যতে ক্যাম্প প্রত্যাহারের পর বনভূমি পুনরুদ্ধারে সহায়তা করবে।

টিজে/টিএ 

মন্তব্য করুন