নারায়ণগঞ্জে এমপির বাড়ির পাশে ২ বাসে অগ্নিসংযোগ
ছবি: সংগৃহীত
০১:৪৫ পিএম | ১৮ নভেম্বর, ২০২৬
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংসদ সদস্য (এমপি) মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর বাড়ির সংলগ্ন গোলাকান্দাইল এলাকায় মেঘলা পরিবহনের দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় এক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। বুধবার (১৮ নভেম্বর) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পাঁচটি মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত ১০ জন লোক এসে গোলাকান্দাইল এলাকায় মাসুমের গ্যারেজের সামনে সড়কে দাঁড়িয়ে থাকা বাস দুটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় দুর্বৃত্তদের পক্ষ থেকে এক রাউন্ড গুলিও ছোড়া হয়।
অগ্নিসংযোগের পর মুহূর্তের মধ্যেই বাস দুটিতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাস দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
আগুনে ক্ষতিগ্রস্ত বাস দুটির মালিক শহিদুল আলম জানান, তার দুটি বাসই সংসদ সদস্য দিপু ভূঁইয়ার বাড়ির সামনে মাসুমের গ্যারেজে রাখা হতো। রাত সাড়ে ৩টার দিকে পাঁচটি মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত ১০ জন লোক সড়কে দাঁড়িয়ে থাকা তার দুটি বাসে আগুন দেয়। এতে তার সর্বস্ব শেষ হয়ে গেছে বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি।
এদিকে, ঘটনার খবর পেয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার বিষয়ে খোঁজখবর নেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরআই/