© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হজের সময় কাবা স্পর্শ নিষিদ্ধ করলো সৌদি সরকার

শেয়ার করুন:
হজের সময় কাবা স্পর্শ নিষিদ্ধ করলো সৌদি সরকার
international-desk
০২:৩৮ পিএম | ০৬ জুলাই, ২০২০

মহামারী করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে এবার হজের সময় পবিত্র কাবা ও হাজরে আসওয়াদ স্পর্শ করা যাবে না। সেই সঙ্গে তাওয়াফের সময় অনেক লোকের সমাগম নিষিদ্ধ করা হয়েছে।

সম্প্রতি হজের বিষয়ে এক স্বাস্থ্য নির্দেশনায় এসব জানিয়েছে সৌদি সরকারের হজ কর্তৃপক্ষ।

দেশটির বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হজ পালনের সময় কাবাঘর স্পর্শ করা অথবা হাজরে আসওয়াদ স্পর্শ করা মুসল্লিদের সবচেয়ে আকাঙ্খিত বিষয়। কিন্তু করোনাভাইরাসের মহামারীর জন্য এবার হজ পালনকারীরা কাবা অথবা হাজরে আসওয়াদ স্পর্শ করার সুযোগ পাবেন না।

এমনকি নামাজের সময় ও কাবা শরিফ তাওয়াফের সময়ও দেড় মিটার দূরত্ব বজায় রাখতে হবে মুসল্লিদের। হজের সময় করোনার সংক্রমণ এড়াতে সৌদির সেন্টার ফর ডিজিজেস প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের (সিডিসি) সুপারিশে এ নির্দেশনা জারি করেছে দেশটির সরকার।

সোমবার সিডিসি এক বিবৃতিতে বলেছে, হজে ধর্মীয় অনুষ্ঠান পালনে যেমন নামাজ ও কাবা শরিফ তাওয়াফের সময় সামাজিক দূরত্ব (এক হাজী থেকে আরেক হাজীর মধ্যকার দূরত্ব দেড় মিটার হবে) বজায় রাখতে হবে। সীমিত সংখ্যক হাজী মিনা, মুজদালিফা ও আরাফাতে যাওয়ার অনুমতি পাবেন।

প্রসঙ্গত, এবারের হজের আনুষ্ঠানিকতা শুরু হবে ১৯ জুলাই থেকে। চলবে ২ আগস্ট পর্যন্ত। এই সময়ে হাজী ও আয়োজকদের প্রত্যেকের জন্য সর্বদা মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন