যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী নাহিদা বৃষ্টির জানাজা সম্পন্ন, মরদেহ আসবে শনিবার
ছবি: সংগৃহীত
১১:১২ এএম | ০৭ মে, ২০২৬
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।
স্থানীয় সময় বুধবার (৬ মে) দুপুর ২টায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পায় বৃষ্টির জানাজা অনুষ্ঠিত হয়েছে।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা ফেসবুকে এক পোস্টে জানান, ৬ মে দুপুর ২টায় টাম্পায় নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী, শিক্ষক ও বাংলাদেশ কমিউনিটির অনেকে জানাজায় অংশ নেন। মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি জানাজায় উপস্থিত ছিলেন।
গোলাম মোর্তোজা আরও জানান, জানাজার পর বৃষ্টির মরদেহ ফিউনারেল সংস্থার কাছে হস্তান্তর করা হয়। ফিউনারেল সংস্থা ৭ মে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে মরদেহ ঢাকায় পাঠাবে। মরদেহ ঢাকায় পৌঁছাবে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে।
মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধি অরল্যান্ডো বিমানবন্দরে উপস্থিত থাকবেন। ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের সঙ্গে সমন্বয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে পুরো বিষয়টি তত্ত্বাবধান করছে।
নির্মম হত্যাকাণ্ডের শিকার জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর সব ব্যয় বহন করছে বাংলাদেশ সরকার। জামিল লিমনের মরদেহ ৪ মে ঢাকায় পৌঁছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ জামিলের পরিবারের কাছে হস্তান্তর করেন। ওইদিন রাত পৌনে ৮টার দিকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইতলা ইউনিয়নের লালডোবা এলাকায় তার দাফন সম্পন্ন হয়।
কেএন/এসএন