© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অর্থ আত্মসাতের মামলায় তোফায়েল আহমেদসহ ৩ জনের বিচার শুরু

শেয়ার করুন:
অর্থ আত্মসাতের মামলায় তোফায়েল আহমেদসহ ৩ জনের বিচার শুরু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৮ পিএম | ০৭ মে, ২০২৬
ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধভাবে এক কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৭ মে) ঢাকা বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজ এ আদেশ দেন।

একই সঙ্গে এ মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ২২ জুন নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ইসতিয়াক আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আদালতে এ মামলার অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন। একই সঙ্গে তাদের বিরুদ্ধে জারি হওয়া পরোয়ানা বহাল রয়েছে। 

গত ১৯ এপ্রিল এ মামলায় পলাতক থাকায় একই আদালত থেকে এ পরোয়ানা জারি করা হয়। পরোয়ানাভুক্ত অপর দুই আসামিরা হলেন, ম্যাডোনা অ্যাডভারটাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং মোশারফ হোসেন।

মঙ্গলবার ৫ মে মামলাটি অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ছিল। ওইদিন তোফায়েল আহমেদের অসুস্থতার কথা আদালতকে জানান তার আইনজীবী খায়ের উদ্দিন শিকদার। 

তিনি আদালতকে জানান, তোফায়েল আহমেদ কাউকে চিনতে পারেন না। তার স্মৃতি শক্তি নেই। আদালতে উপস্থিত হয়ে মামলার কার্যক্রমে অংশগ্রহণ করতে শারীরিকভাবে অক্ষম।

অর্থ আত্মসাতের অভিযোগ এনে ২০০২ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক কাজী শামসুল ইসলাম মামলাটি দায়ের করেন। এতে বলা হয়, তোফায়েল আহমেদ ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে অর্জিত ১ কোটি ২৫ লাখ টাকা গোপন করার উদ্দেশ্যে সহযোগীদের মাধ্যমে অর্থ স্থানান্তর ও উত্তোলন করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, ম্যাডোনা অ্যাডভারটাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং ভোলার মোশারফ হোসেনের সঙ্গে যোগসাজশে সোনালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখা থেকে বিভিন্ন সময়ে এক কোটি ২৫ লাখ টাকা স্থানান্তর করা হয়। পরে ওই অর্থ উত্তোলন করা হয় বলে এজাহারে দাবি করা হয়েছে।

মামলাটি তদন্ত শেষে তিন জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। তবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর উচ্চ আদালতের নির্দেশে মামলার কার্যক্রম দীর্ঘদিন স্থগিত ছিল।

ওইদিন তোফায়েল আহমেদের আইনজীবী খায়ের উদ্দিন শিকদার আদালতে আবেদন দিয়ে বলেন, তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে স্কয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। এজন্য তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। বাস্তবিক অর্থে তোফায়েল আহমেদ কাউকে চিনতে পারেন না। তার স্মৃতি শক্তি নেই। আদালতে উপস্থিত হয়ে মামলার কার্যক্রমে অংশগ্রহণ করতে শারীরিকভাবে অক্ষম।

তার মানসিক অসুস্থতা, স্মৃতিশক্তি লোপ পেয়েছে। এজন্য তার মানসিক অবস্থা পরীক্ষার আবেদন করার প্রার্থনা করেন তিনি। পাশাপাশি অভিযোগ গঠন শুনানি পেছাতে আবেদন করেন।

আরিফুল ইসলাম জানান, আসামি পলাতক থাকাবস্থায় এমন আবেদন গ্রহণযোগ্য মর্মে দুদকের পক্ষ থেকে আপত্তি জানানো হয়। আসামিকে আদালতে হাজির হয়ে আবেদন করতে হবে। আদালত তোফায়েল আহমেদের পক্ষের আবেদন ও অভিযোগ গঠনের বিষয়ে ৭ মে দিন ধার্য করেছেন। ওইদিন তিন আসামির মধ্যে মোশারফ হোসেন নামে এক আসামি জামিনে থেকে আদালতে হাজিরা দেন।

কেএন/এসএন

মন্তব্য করুন