© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হামের সংকটের জন্য সরকার নিজেদের দায় এড়াতে পারবে না: নাহিদ ইসলাম

শেয়ার করুন:
হামের সংকটের জন্য সরকার নিজেদের দায় এড়াতে পারবে না: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৩ এএম | ০৮ মে, ২০২৬
দেশে হামের প্রকোপে শতাধিক শিশুর মৃত্যুর ঘটনায় পূর্ববর্তী সরকারের ওপর দায় চাপিয়ে বর্তমান সরকার নিজেদের দায়িত্ব এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এই সংকটের জন্য প্রকৃত দায়ীদের বিচার নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা ও তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, 'আমরা চাই না একটি শিশুও হামের কারণে মারা যাক।'

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই-বিপ্লব স্মৃতি হলে এলডিপি ও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানে সাবেক সিটি মেয়র মনজুর আলমের যোগ দেওয়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তিনি যোগ দেননি।

সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নাহিদ ইসলাম বলেন, দেশে নতুন করে একটি রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। বৃহত্তর চট্টগ্রামেরই এক জনপ্রতিনিধি সংসদে অকপটে স্বীকার করেছেন যে, নির্বাচনের আগে জনগণের কাছে সংস্কারের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নে তারা কখনোই আন্তরিক ছিলেন না। নির্বাচন শেষেই তাদের সেই আসল রূপ প্রকাশ পেয়েছে।

এই প্রেক্ষাপটে বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্কার ও জুলাই গণহত্যার বিচার বাস্তবায়নের দায়িত্ব এনসিপিকেই নিতে হবে বলে মন্তব্য করেন নাহিদ। তিনি বলেন, সংস্কার ও বিচারের দাবিতে সংসদের ভেতরে ও বাইরে শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে হবে। এই আন্দোলনের জন্য তরুণ প্রজন্মসহ জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি।

কেএন/এসএন




মন্তব্য করুন