শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি কত দিন?
ছবি: সংগৃহীত
১২:০৪ পিএম | ০৮ মে, ২০২৬
আবারও লম্বা ছুটি পেতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান। সাপ্তাহিক ছুটি, গ্রীষ্মকালীন অবকাশ ও আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টানা ১৬ দিনের ছুটি থাকছে স্কুল ও কলেজে। আর ২১ দিনের ছুটি থাকছে মাদ্রাসায়।
শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৬ সালের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি থেকে এসব তথ্য জানা গেছে।
তালিকা অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিকে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদু ছুটি শুরু হচ্ছে আগামী ২৪ মে (রোববার) থেকে। ছুটি শেষ হবে ৪ জুন (বৃহস্পতিবার)। এর মধ্যে ঈদুল আজহার ছুটিও রয়েছে। তবে ছুটির আগের দুদিন এবং পরের দুদিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে টানা ১৬ দিনের ছুটি থাকছে স্কুলে।
এদিকে কলেজের ছুটির তালিকায় গ্রীষ্মকালীন অবকাশের কথা উল্লেখ না থাকলেও ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটি রয়েছে। এখানেও ছুটির আগের দুদিন এবং পরের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে টানা ১৬ দিনের ছুটি থাকছে কলেজে।
অন্যদিকে মাদ্রাসায় গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে (রোববার) থেকে ছুটি শুরু হচ্ছে আর শেষ হবে ১১ জুন। তবে ছুটির আগের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা ২১ দিন ছুটি থাকছে মাদ্রাসায়।
এছাড়া ঈদুল আজহা উপলক্ষে গত বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে টানা সাত দিনের সরকারি ছুটির সিদ্ধান্ত হয়। ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ছুটি পাচ্ছেন। তবে ২৩ মে ও ২৪ মে অফিস খোলা থাকবে।
ছুটির তালিকা অনুযায়ী, ২৮ মে ঈদুল আজহার দিন সাধারণ ছুটি। ঈদুল আজহার আগে ২৬ ও ২৭ মে দুদিন এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত তিনদিন মিলে মোট পাঁচদিন নির্বাহী আদেশে ছুটি। তবে সরকার আরও একদিন ছুটি বাড়িয়ে (২৫ মে) মোট সাত দিনের ছুটি ঘোষণা করেছে।
সাধারণত শনিবার সাপ্তাহিক ছুটি থাকে। তবে সেই ছুটি বাতিল করে ঈদের ছুটির সঙ্গে যুক্ত করেছে। ফলে সাপ্তাহিক ছুটির দিনও (২৩ মে) অফিস করতে হবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের।
আমিরাত অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুযায়ী জিলহজ মাসের সূচনাসূচক চাঁদটি আগামী ১৭ মে (রোববার) দিবাগত রাত ১২টা ১ মিনিটে দেখা যেতে পারে।
ওই দিন সূর্যাস্তের প্রায় ৫৮ মিনিট পর চাঁদ দিগন্তের ১০ ডিগ্রির ওপরে অবস্থান করবে। আকাশ পরিষ্কার থাকলে ওই দিন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। সেই হিসাবে আগামী ১৮ মে সোমবার জিলহজ মাসের প্রথম দিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদি ১৮ মে জিলহজ মাস শুরু হয়, তবে জিলহজ মাসের ৯ তারিখ অর্থাৎ হজের মূল আনুষ্ঠানিকতা ‘আরাফা দিবস’ পড়বে ২৬ মে (মঙ্গলবার)। এর পরদিন ২৭ মে (বুধবার) সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা পালিত হবে।
ভৌগোলিক দূরত্বের কারণে বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদ্যাপিত হয়। সেই নিয়ম অনুযায়ী, মধ্যপ্রাচ্যে ২৭ মে ঈদ হলে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হতে পারে আগামী ২৮ মে (বৃহস্পতিবার)। তবে এটি পুরোপুরি নির্ভর করছে আগামী ১৮ মে বা ২৯ জিলকদ বাংলাদেশের আকাশে চাঁদ দেখার ওপর।
কেএন/এসএন