ঢাকার বড় সংকট নাগরিক সেবার প্রতি মানুষের আস্থা ভেঙ্গে যাওয়া: নিলা ইসরাফিল
ছবি: সংগৃহীত
০১:০৯ পিএম | ০৮ মে, ২০২৬
ঢাকার নাগরিক সেবার দুর্ভোগ, দালালচক্র এবং প্রশাসনিক জটিলতা নিয়ে সরব হয়েছেন এনসিপির সাবেক নেত্রী ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী নিলা ইসরাফিল। শুক্রবার (৮ মে) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি রাজধানীর বিদ্যমান সেবা ব্যবস্থা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ঢাকা শুধু একটা শহর নয়, এটি মানুষের প্রতিদিনের সংগ্রামের জায়গা।
ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, ট্রেড লাইসেন্স, হোল্ডিং ট্যাক্স ও জন্মনিবন্ধনসহ বিভিন্ন নাগরিক সেবা নিতে গিয়ে সাধারণ মানুষকে প্রতিনিয়ত হয়রানির শিকার হতে হচ্ছে। একই সঙ্গে সরকারি অফিসগুলোতে দালালচক্র ও অনিয়মের সংস্কৃতি গড়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি। নিলা ইসরাফিল প্রশ্ন তোলেন, যারা ঢাকা শহর পরিচালনার দায়িত্ব নিতে চান বা মেয়রের চেয়ার চান, তারা আদৌ এসব সমস্যার গভীরে গেছেন কি না। তিনি মনে করেন, ঢাকার বড় সমস্যা শুধু রাস্তা বা যানজট নয়, বরং সবচেয়ে বড় সংকট হচ্ছে নাগরিক সেবার প্রতি মানুষের আস্থা ভেঙে যাওয়া।
একটি আধুনিক শহর গড়তে নাগরিক সেবাকে পুরোপুরি ডিজিটাল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার ওপর গুরুত্বারোপ করে তিনি বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- দালালমুক্ত সেবা ব্যবস্থা নিশ্চিত করা, শতভাগ অনলাইন আবেদন ও ট্র্যাকিং ব্যবস্থা চালু, নির্দিষ্ট সময়ের মধ্যে সেবা প্রদান, প্রতিটি ওয়ার্ডে অভিযোগ ও সহায়তা কেন্দ্র স্থাপন, কর্মকর্তা-কর্মচারীদের ডিজিটাল মনিটরিং এবং নাগরিকদের জন্য সরাসরি জবাবদিহিমূলক প্ল্যাটফর্ম তৈরি করা।
নিলা ইসরাফিল আরও উল্লেখ করেন যে, মানুষ এখন শুধু প্রতিশ্রুতি শুনতে চায় না, বরং সিস্টেমের বাস্তব পরিবর্তন দেখতে চায়। পোস্টের শেষাংশে তিনি জানান, তিনি শুধু গতানুগতিক প্রতিশ্রুতি দিতে আসেননি, বরং একটি ‘বাস্তব পরিবর্তনের রোডম্যাপ’ নিয়ে কাজ করছেন। এ বিষয়ে তিনি সাধারণ নাগরিকদের গঠনমূলক মতামতও আহ্বান করেন।
আরআই/এসএন