© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সরকারি অফিসে ঘুস নিয়ে কড়া বার্তা প্রতিমন্ত্রী নুরের

শেয়ার করুন:
সরকারি অফিসে ঘুস নিয়ে কড়া বার্তা প্রতিমন্ত্রী নুরের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৬ পিএম | ০৮ মে, ২০২৬
সরকারি অফিসে ঘুস নিয়ে কড়া বার্তা দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর। তিনি বলেছেন, কোনো অফিসে টাকা/ঘুস দেবেন না। কোনো কর্মকর্তা বা কর্মচারী টাকা/ঘুস চাইলে তার জায়গা এখানে হবে না।

শুক্রবার (৮ মে) বেলা ১১টায় পটুয়াখালীর গলাচিপা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সভায় উপজেলার নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক বিদ্যালয়, দাখিল ও আলিম মাদ্রাসা এবং কলেজের প্রধানরা অংশ নেন।

প্রতিমন্ত্রী বলেন, ডিসি সম্মেলনে আমি জেলা প্রশাসক, পুলিশ সুপার, ওসিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলেছি, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। মন্ত্রী-এমপিরাও কোনো না কোনো শিক্ষকের ছাত্র। তাই শিক্ষকদের সম্মান ও মর্যাদার বিষয়ে প্রশাসনকে আরও সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, আমার স্ত্রীর অভিজ্ঞতা থেকে দেখেছি, ছুটির আবেদন কিংবা বেতন উত্তোলনের মতো সাধারণ কাজেও অনেক সময় কেরানিদের টাকা দিতে হয়। এখন থেকে কোনো অফিসে টাকা দেবেন না। কেউ টাকা চাইলে অভিযোগ করবেন। যে কর্মকর্তা ঘুস চাইবে, তার জায়গা এখানে হবে না।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- গলাচিপা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মজিবর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাফর রানা, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান এবং জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম।


ইউটি/টিএ

মন্তব্য করুন