© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হজযাত্রীদের ২৪ ঘণ্টা ১১ ভাষায় সেবা দেবে সৌদি

শেয়ার করুন:
হজযাত্রীদের ২৪ ঘণ্টা ১১ ভাষায় সেবা দেবে সৌদি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৮ এএম | ০৯ মে, ২০২৬
সৌদি আরবে আগত হজ ও ওমরাহযাত্রীদের জন্য ১১টি ভাষায় ২৪ ঘণ্টা সেবা দিতে একটি সমন্বিত হটলাইন নম্বর চালু করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এখন থেকে ১৯৬৬ নম্বরে কল করে দিন-রাত যেকোনো সময় প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাবেন হজযাত্রীরা।

বৃহস্পতিবার (৭ মে) সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। 

মন্ত্রণালয় জানিয়েছে, এই হটলাইনের মাধ্যমে হজযাত্রীরা সরাসরি তাদের প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন এবং যেকোনো বিষয়ে সহায়তা চাইতে পারবেন। এ ছাড়া সেবার মান নিয়ে কোনো অভিযোগ বা সমস্যা থাকলে তাও দ্রুত জানানো যাবে। অভিযোগগুলো দ্রুত নিষ্পত্তি এবং হজযাত্রীদের সেবার মান বাড়াতে একটি বিশেষ সিস্টেম বা ব্যবস্থা তৈরি করা হয়েছে।

হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, আধুনিক প্রযুক্তিনির্ভর এই কল সেন্টারে প্রশিক্ষিত কর্মীরা কাজ করছেন। তারা বিভিন্ন ভাষায় দক্ষ হওয়ায় হজযাত্রীরা নিজ ভাষায় সমস্যা বুঝিয়ে বলতে পারবেন। সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে এসব কলের বিপরীতে দ্রুত ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

এই সমন্বিত যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে মন্ত্রণালয় আরও জানিয়েছে, এখানে কল ম্যানেজমেন্টের জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। কর্মীদের দক্ষতা অনুযায়ী কলগুলো ডিস্ট্রিবিউশন বা বণ্টন করা হয়, যাতে করে প্রত্যেক হজযাত্রী সঠিক ও দ্রুত তথ্য পান। এই উদ্যোগের ফলে বিদেশি হজযাত্রীদের সাথে সৌদি কর্তৃপক্ষের যোগাযোগ আরও সহজ ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

আইকে/টিএ

মন্তব্য করুন