ঈদের আগেই ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে : বাবর
ছবি: সংগৃহীত
০৬:৩৯ এএম | ০৯ মে, ২০২৬
হাওরাঞ্চলে বোরো ফসলের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য নতুন করে তালিকা প্রণয়ন এবং ঈদুল আজহার আগেই সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
শুক্রবার (৮ মে) বিকেলে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার নূরালীপুর গ্রামে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন। এর আগে তিনি নিজের নির্বাচনী এলাকার ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চল পরিদর্শন করেন।
বাবর বলেন, পাহাড়ি ঢল, অতিবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের যে তালিকা করা হয়েছে, সেটি সঠিক হয়নি। সেখানে অনেক অপ্রয়োজনীয় ও অতিরিক্ত নাম অন্তর্ভুক্ত হয়েছে বলে অভিযোগ রয়েছে।
তিনি বলেন, ‘নতুন করে যাচাই-বাছাই করে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হবে। বিশেষ করে বর্গাচাষি ও প্রান্তিক কৃষকদের অগ্রাধিকার দেওয়া হবে।’
সংসদ সদস্য জানান, যারা বাস্তবিক অর্থে ক্ষতির শিকার হয়েছেন, শুধু তাদেরই সহায়তার আওতায় আনা হবে।
ঈদুল আজহার আগেই ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। এ সময় তিনি বলেন, ‘তারেক রহমান ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের সহায়তার ঘোষণা দিয়েছেন।’
হাওরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে বাবর বলেন, ‘আমরা বিচ্ছিন্ন উন্নয়ন চাই না। হাওরের বাস্তবতা বিবেচনায় পরিকল্পিত ও দীর্ঘমেয়াদি উন্নয়ন প্রয়োজন।’
এ সময় খালিয়াজুড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, সহ-সভাপতি মাসুদ রানা, যুগ্ম সম্পাদক তরিকুজ্জামান তরু, সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন ও বিএনপি নেতা আরিফ তালুকদারসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
এমআর/টিএ